পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) ছত্রচ্ছায়ায় আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম দেশটির বন্দর নগরী করাচিতে বাস করছেন। দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার “বোমা বিশেষজ্ঞ” আব্দুল করিম টুন্ডা এ দাবি করেছেন বলে পুলিশের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় এনডিটিভি।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
একবছর আগে করাচিতে দাউদের সঙ্গে তার দেখা হয়েছে বলেও দাবি করেছেন টুন্ডা। ভারতের মোস্ট ওয়ান্টেড ২০ সন্ত্রাসীর অন্যতম টুন্ডাকে গত শুক্রবার ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে এসব কথা জানিয়েছেন তিনি। গত সপ্তাহে প্রথমবারের মতো পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তানে দাউদের উপস্থিতি স্বীকার করেন কিন্তু এর কয়েকঘন্টা পরই তিনি নিজের বিবৃতি প্রত্যাহার করে নেন।
