মোরগ লড়াইয়ের জন্য কাঠগড়ায় সাবেক প্রিন্সেস

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২০:২৬
অর্থ উপার্জনের জন্য মোরগ লড়াই আয়োজনের অভিযোগে রোমানিয়ার সাবেক এক প্রিন্সেসকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। রোমানিয়ার নির্বাসিত রাজা মাইকেলের মেয়ে ইরিনা ওয়ালকার (৬০) ও তার মার্কিন স্বামী জন ওয়েসলি ওয়ালকারকে শুক্রবার যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি আদালতে হাজির করা হয়। তারা ২০১২ ও ২০১৩ সালে ওরেগনের গ্রামীণ এলাকায় মোরগ লড়াইয়ের ১০টি প্রতিযোগিতার আয়োজন করেন বলে প্রসিকিউটররা আদালতে জানিয়েছেন। এই দম্পতিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পশু কল্যাণ আইন লংঘনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে সাবেক প্রিন্সেস ও তার স্বামীসহ ছয় জনের বিরুদ্ধে আনা হয়েছে অবৈধ জুয়া ব্যবসা পরিচালনার অভিযোগ। তারা মোরগের পায়ে ব্লেড লাগিয়ে প্রতিযোগিতার আয়োজন করে দর্শকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন বলে অভিযোগ প্রসিকিউটরদের।