ইন্দোনেশিয়ার কারাগার থেকে ৩০ বন্দীর পলায়ন

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২০:২৭
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি জেল থেকে ৩০ বন্দী পালিয়ে গেছে। রবিবার জনাকীর্ণ এ কারাগারটিতে দাঙ্গা ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা এ খবর জানান। খবর ডন ডটকমের। সূত্র জানায়, ওই দ্বীপের লাবুহান রুকু কারাগারটিতে বিকালের দিকে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ সুযোগে এসব বন্দী পালিয়ে যায়। কারাগারটির প্রধান সুতোপো বেরুতো জানান, প্রায় ৩০ বন্দী সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কারাগারের মুখপাত্র আকবর হেরি বলেন, বিকাল ৫টার দিকে হঠাত্ করে কতিপয় বন্দী কারাগারের কর্মচারীদের ওপর চড়াও হয়। এ সময়ে তাদের মারধরসহ দু’টি রুমে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ এবং সামরিক বাহিনীর লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আকবর হেরি বলেন, এ কারাগারটিতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দী রয়েছে। এ কারণে সামান্য অজুহাতে তারা বিশৃঙ্খলায় লিপ্ত হয়। কারাগারটিতে মোট ৩শ’ কয়েদী থাকার কথা থাকলেও সেখানে ৮৬৭ জন বন্দী রয়েছে।