সিরাজদিখানে অটোরিকশা চালককে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শাহজাহান (৪৮) ও তার ছেলে মনির হোসেনকে (২৪) পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার রাতে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। সিরাজদিখান থানার ওসি মো. আবুল বাসার জানান, পারিবারিক সম্পত্তির বিরোধ নিয়ে অটোচালক আবুল হোসেন ও তার বোন-ভাগিনাদের সঙ্গে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে রবিবার রাতে নিহতের বোন জামাই ওসমান(৪৫), ওসমানের ভাই শাহজাহান ও তার ছেলে মনির হোসেন, আবুল হোসেনকে ইছাপুরা ব্রিজের কাছে জবাই করে হত্যা করে। পরে তার মরদেহ ব্রিজের নিচে ফেলে রেখে ঘাতকরা চলে যায়। এ ঘটনায় নিহতের ছেলে আসলাম বাদী হয়ে ৩ জনকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার ভোরে হত্যা মামলার আসামি শাহজাহান ও তার ছেলে মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ছেলে আসলাম জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত্ তার পিতার সাথে তার ফুফা একই গ্রামের মিশির আলির ছেলে ওসমান মিয়ার বিরোধ চলে আসছিলো। এর জের ধরে কিছুদিন পূর্বে ওসমান মিয়া তার পিতাকে হত্যার হুমকি দেয়।
