প্রবল বৃষ্টিতে অচল হয়ে পড়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। সোমবার বৃষ্টির কারণে রাস্তাঘাট হয়ে পড়ে চলাচলের অনুপযোগী। এ পর্যন্ত অন্ততপক্ষে দুইজন নিহত এবং আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জাতীয় দুর্যোগ সংস্থা ও স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছে। দেশটির উত্তরাঞ্চলের উপকূলীয় এবং পাহাড়ী এলাকার হাজার হাজার মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন এলাকায় বিশেষ সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া দপ্তর। এরপরই স্কুল, অফিস, শেয়ারবাজার, আদালত এবং দূতালয়গুলো বন্ধ করে দেয়া হয়। সারারাত ধরে মৌসুমি ঝড় ট্রামির আঘাতে ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে বিভিন্ন এলাকা কোমর সমান পানিতে তলিয়ে যায়। উত্তর ফিলিপাইন সাগর থেকে এই ঝড়ের উত্পত্তি হয়েছে। এর ফলে ঘন্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চলের প্রধান দ্বীপ লুজন পানিতে ডুবে যায়। বন্যার পানি বেড়ে যাওয়ায় তা ছেড়ে দেয়ার জন্য দ্বীপটির বেশকিছু বাঁধ খুলে দেয়া হয়েছে। নিম্নাঞ্চলের পানিবন্দি সহস্র মানুষকে অন্যত্র চলে যেতে বলা হয়েছে। ভূমিধস ও বন্যায় রাজধানীর বাইরে একটি গুরুত্বপূর্ণ হাইওয়ের ট্রাফিক ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে।
আবহাওয়াবিদরা ধারণা করছেন, ফিলিপাইন অতিক্রম করার সময় ঝড়টি টাইফুনে পরিণত হতে পারে। তখন বায়ুর গতিবেগ হবে ঘন্টায় ১২০ কিলোমিটার।
