সন্ত্রাসবাদ মূলোত্পাটনের অংশ হিসেবে সশস্ত্র জঙ্গিদের আলোচনায় বসার জন্য প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। গত সোমবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এই প্রস্তাব দেন। নওয়াজ শরীফ জঙ্গিবাদকে জাতির সামনে সবচেয়ে ভয়ংকর সমস্যা হিসেবে আখ্যা দিয়েছেন।— খবর ডন অনলাইনের।
গত জুনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এটাই নওয়াজের জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণ। ৫৫ মিনিটের এই ভাষণে জঙ্গিবাদের কারণে কিভাবে পাকিস্তান দিনে দিনে দুর্বল হচ্ছে সে কথাই ঘুরে-ফিরে বলেন তিনি। তবে কবে এবং কিভাবে জঙ্গিদের সঙ্গে আলোচনা শুরু হবে সে ব্যাপারে কিছু বলেননি নওয়াজ শরীফ। আলোচনায় কারা কারা থাকবেন সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, জঙ্গিবাদের কারণে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ নিহত হয়েছে।
এছাড়া পাকিস্তানের ভয়াবহ লোডশেডিং নিয়েও কথা বলেন নওয়াজ শরীফ। তিনি বলেন, বিদ্যুত্ ও জ্বালানি সমস্যার রাতারাতি সমাধান হবে না। সরকার আগামী ৫ বছরের মধ্যে এই সমস্যার সমাধানে বদ্ধপরিকর।
জঙ্গিবাদ দূরীকরণে একটি জাতীয় নীতিমালা প্রস্তুত করার ব্যাপারে যে সর্বদলীয় সম্মেলন করার ঘোষণা দিয়েছিল নওয়াজের দল সে ব্যাপারেও তিনি মুখ খুলেননি। গোয়েন্দা সংস্থাগুলোর নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য সরকার যে বহুল আলোচিত নিরাপত্তা নীতি নিয়ে কাজ করছে এ বিষয়টি নিয়েও তিনি কোন কথা বলেননি।
জঙ্গিরা কিভাবে দিনে দুপুরে ব্যস্ত সড়ক কিংবা বাসে হামলা করছে ভাষণে এই বিষয়গুলোই উঠে এসেছে। সমপ্রতি জঙ্গিরা কোথায় কোথায় হামলা করেছে সে কথাই বেশি বলেন তিনি ভাষণে। তার আগের সরকারগুলো জঙ্গি সমস্যা সমাধান করতে কেন ব্যর্থ হয়েছে তার সমালোচনা করেন তিনি।
