পাকিস্তানের প্রেসিডেন্ট পদে আসিফ আলি জারদারির মেয়াদ শেষ হচ্ছে ৮ সেপ্টেম্বর। তারপর তার বিরুদ্ধে থাকা দুর্নীতির পুরানো মামলাগুলো ফের চালু করা হবে বলে সোমবার ইঙ্গিত দিয়ে রাখল পাকিস্তানের নবগঠিত নওয়াজ শরিফ সরকার। সাধারণ নির্বাচনে ইতিমধ্যেই ক্ষমতাচ্যুত হয়েছে জারদারির পাকিস্তান পিপলস পার্টির সরকার। দেশের প্রেসিডেন্ট হিসাবে সাংবিধানিক রক্ষাকবচ থাকায় এর আগে জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো শুরু করা যায়নি। পি পি পি সরকার ক্ষমতায় থাকার সময় এই নিয়ে পাক সুপ্রিম কোর্টের সঙ্গেও সংঘাত তৈরি হয়েছিল। ইতিমধ্যেই পাকিস্তানে ক্ষমতার পরিবর্তন হয়েছে। নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী হয়েছেন। এদিন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট পদে জারদারির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই তার বিরুদ্ধে ছ’টি দুর্নীতির মামলা নতুন করে চালু করা হবে।— খবর কলকাতার বর্তমান পত্রিকার।
