নাগরপুরে এমপিওভুক্ত হয়নি ৮ শিক্ষা প্রতিষ্ঠান

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:১৭
টাঙ্গাইলের নাগরপুরে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিনেও এমপিওভুক্ত হয়নি। এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১১০ জন শিক্ষক ও কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা নিয়মিত না আসায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বেকরা বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজ, আগদিঘুলিয়া ইসলামী দাখিল মাদ্রাসা, চেচুয়াজানী আশরাফুলউলম দাখিল মাদ্রাসা, গয়হাটা বেগম খোদেজা দাখিল মাদ্রাসা, মুশুরিয়া দাখিল মাদ্রাসা, কদিম কাকনা দাখিল মাদ্রাসা, শুনসি দাখিল মাদ্রাসা। এমপিওভুক্ত না হওয়াতে শিক্ষক ও কর্মচারীরা নিয়মিত প্রতিষ্ঠানে আসেন না। যে কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় চরম বিঘ্ন ঘটছে। দীর্ঘদিন থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত না হওয়াতে অনেক শিক্ষক কর্মচারীগণরা স্কুল, কলেজ ও মাদ্রাসায় আসা বন্ধ করে দিয়েছে বলে জানা যায়। আগদিগুলিয়া ইসলামী দাখিল মাদ্রাসার সুপার ইত্তেফাককে জানান, এ মাদ্রাসার ছাত্র-ছাত্রী সংখ্যা ৩৫৮ জন এবং শিক্ষক ও কর্মচারী সংখ্যা ১৫ জন। দীর্ঘদিন যাবত্ মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়াতে শিক্ষক ও কর্মচারীদের বেতন না দিতে পারায় আমি তাদেরকে চাপ প্রয়োগ করতে পারি না। শিক্ষকরা নিয়মিত মাদ্রাসায় না আসাতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।