রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ৪টি কলেজ থেকে কোন এইচএসসি পরীক্ষার্থী এবছর পাস করতে পারেনি। ৪টি কলেজের মধ্যে চলনবিলের ৩ টি উপজেলার ৩ টি কলেজ এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ১ টি কলেজ রয়েছে। ৭ বছর ধরে এ বোর্ডে কলেজসমূহে এইচএসসি পরীক্ষায় শূন্য পাসের হার বন্ধ করা সম্ভব হচ্ছে না।
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, পাঠদানের অনুমতিপ্রাপ্ত এ চারটি কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৮ জন।
তন্মধ্যে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ জন, একই জেলার গুরুদাসপুরের বিলচলন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ১ জন, পাবনার চাটমোহর উপজেলার চলনবিল আদর্শ কলেজ থেকে ১ জন এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা মহিলা কলেজ থেকে ১ জন পরীক্ষা দেয়। কিন্তু কোন কলেজ থেকে কেউ পাস করতে পারেনি।
এদিকে রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের শূন্য পাসের হার শূন্যে নামিয়ে আনা সম্ভব হচ্ছে না। গত ২০১২ সালে চারটি কলেজে পাসের হার ছিল শূন্য, ২০১১ সালে ছিল ছয়টি, ২০১০ সালে ছিল তিনটি, ২০০৯ সালে ছিল চারটি ২০০৮ সালে ছিল আটটি এবং ২০০৭ সালেও ছিল আটটি কলেজ। শূন্যে পাস করা এসব কলেজের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ই ব্যবস্থা গ্রহণ করতে পারে।
