ধুনটে অনৈতিক কাজের অভিযোগে বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২৩:১৫
জেলার ধুনটে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গত রবিবার এলাকাবাসী আগুন লাগিয়ে ৩টি বাড়ি পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানাসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পুলিশ ১৩ জনকে গ্রেফতার করে। তাছাড়া অনৈতিক কাজের অভিযোগে ২ যুবক ও ১ মহিলাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাকুড়িহাটা গ্রামের আব্দুস সোবাহানের স্ত্রী দুলালী খাতুনের ঘর থেকে গত রবিবার রাত ১১টার দিকে অপরিচিত ২ যুবক বের হয়। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক করে। এ বিষয়ে সোবাহানের পরিবারের লোকজনের সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী সোবাহানের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। অগ্নিকাণ্ডে হযরত আলী, সোবাহানের বড় স্ত্রী আমিনা খাতুন ও ছোট স্ত্রী দুলালী খাতুনের ৩টি টিনের ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। পরে এলাকাবাসী আটককৃত ২ যুবক খোকশাহাটা গ্রামের হিটলার (২২), ইডেন (২৬) ও গৃহবধূ দুলালী খাতুনকে (২৬) পুলিশে সোপর্দ করে।