সময়ের সাথে সাথে সব ক্ষেত্রেই যুক্ত হয়েছে প্রযুক্তি। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কম্পিউটার, ইন্টারনেট ছাড়া এখন আধুনিক কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তাও করা যায় না। ব্যবসার প্রয়োজনে এবং কাজের দক্ষতা বাড়াতেই এখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, অফিস হয়ে উঠছে অটোমোটেড। ছোট-বড় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেসব সফটওয়্যার ব্যবহার করা হয়, সেগুলোর পেছনে বাড়তি অর্থ খরচ করা ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে সম্ভব নয়। বড় বড় অফিস বা ব্যবসা কেন্দ্রে প্রিমিয়াম সফটওয়্যারগুলোর পেছনে খরচ করাটা বিলাসিতা না হলেও ছোট প্রতিষ্ঠানগুলো তা চিন্তাও করতে পারে না। আর তাই আমাদের দেশে অনেকেই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করে থাকে। অথচ একটু খুঁজলেই এসব কাজের জন্য প্রয়োজনীয় বিকল্প সফটওয়্যার পাওয়া যায় বিনামূল্যেই। ওপেন সোর্স এসব সফটওয়্যারকে নিজের পছন্দমতো প্লাস্টমাইজ করে নেওয়ারও সুবিধা রয়েছে। এই লেখায় এমন ১০টি সফটওয়্যার কথা তুলে ধরা হলো।
লিবার অফিস :অফিস স্যুটের বিকল্প
ওয়ার্ড প্রসেসিং, স্প্রেড শিট, প্রেজেন্টেশনসহ নানা ধরনের কাজে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহূত হয়ে থাকে মাইক্রোসফট অফিস স্যুট। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বাড়তি ফিচার নিয়ে তাদের রয়েছে অফিস ৩৬৫। তবে অফিস ৩৬৫ এবং অফিস প্যাকেজের অরিজিনািল সংস্করণ ব্যবহার গেলে প্রতিজন ব্যবহারকারীর জন্য খরচ হবে ২০-২৫ হাজার টাকা। আবার বাত্সরিক সাবস্ক্রিপশন ফিও দিতে হবে। সেক্ষেত্রে ওপেন সোর্স লিবার অফিস হতে পারে সহজ সমাধান। মাইক্রোসফট অফিস স্যুটের প্রায় সব ফিচারই রয়েছে এতে। আবার অফিস ফাইলগুলোও এতে কাজ করে। ফলে যারা মাইক্রোসফট অফিস ব্যবহার করে, তাদের ফাইল নিয়েও কাজ করতে পারবেন এর মাধ্যমে। কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং অনলাইন ডক্যুমেন্ট স্টোরেজের সাথে সংযুক্ত হতে পারে বলে একাধিক ব্যক্তির সাথে ফাইল শেয়ার ও সম্পাদনা করা যায়। ডাউনলোড লিংক www.libreoffice.org/download।
থান্ডারবার্ড :ইমেইল ক্লায়েন্ট
ইমেইল ছাড়া আজকাল ব্যবসা-বাণিজ্যের কথা ভাবাই যায় না। বিভিন্ন ধরনের প্রিমিয়াম ইমেইল ক্লায়েন্টের মধ্যে সম্ভবত মাইক্রোসফটের আউটলুক সবচেয়ে বেশি ব্যবহূত হয়ে থাকে। তবে এর জন্য অর্থ খরচ কম করতে হয় না। তাই ইমেইল ক্লায়েন্টের ক্ষেত্রে এর একটি বিনামূল্যের বিকল্প হতে পারে থান্ডারবার্ড। ফায়ারফক্স ব্রাউজারের নির্মাতা প্রতিষ্ঠান মজিলা তৈরি করেছে এই ইমেইল ক্লায়েন্টটি। ট্যাবড ইমেইল, ইন্টিগ্রেটেড চ্যাট, স্মার্ট ফোল্ডার, ফিশিং ও স্ক্যাম প্রোটেকশন এবং এই রকম নানা ধরনের ফিচার রয়েছে থান্ডারবার্ডের। আর এর জন্য রয়েছে নানা অ্যাড-অনস। ফলে সেগুলো ব্যবহার করে নিজের মতো কাস্টমাইজ করা যায় এই ইমেইল ক্লায়েন্ট। থান্ডারবার্ডের ডাউনলোড লিংক www.mozilla.org/en-US/thunderbird।
লাইটনিং :বিনামূল্যের ক্যালেন্ডার
মাইক্রোসফটের আউটলুকের আরেকটি বড় ফিচার হচ্ছে এর ক্যালেন্ডার। বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট, কনফারেন্স কল, মিটিং শিডিউল, ডেডলাইন প্রভৃতি বিষয় মেইনটেইন করার জন্য সমৃদ্ধ একটি ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনের বিকল্প নেই। এই গুরুত্বপূর্ণ কাজটিই সহজ করে দিতে মজিলার রয়েছে আরেক অ্যাপ্লিকেশন ‘লাইটনিং’। এটি মূলত থান্ডারবার্ডের একটি অ্যাড-অন। থান্ডারবার্ডের সাথে যুক্ত হয়ে লাইটনিং সফটওয়্যারটি বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট ও শিডিউল ব্যবস্থাপনা, মিটিংয়ের আমন্ত্রণ পাঠানো-গ্রহণ, বিভিন্ন ইভেন্ট ব্যবস্থাপনা এবং এই সংক্রান্ত সব ধরনের কাজই করতে সক্ষম। সবমিলিয়ে ডিজিটাল ক্যালেন্ডার হিসেবে লাইটনিং একটি অসাধারণ সফটওয়্যার। ডাউনলোড লিংক www.mozilla.org/projects/calendar।
টার্বোক্যাশ :অ্যাকাউন্টিং সফটওয়্যার
ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব-নিকাশের জন্য ভালো একটি সফটওয়্যারের বিকল্প নেই। এ ক্ষেত্রে কুইকবুকের উপরে প্রচুর প্রতিষ্ঠান নির্ভর করে থাকে। তবে যারা অ্যাকাউন্টিংয়ের কাজের জন্য সফটওয়্যারের পেছনে টাকা খরচ করতে চান না, তারা ব্যবহার করতে পারেন টার্বোক্যাশ। ডেবিট, ক্রেডিট, ইনভয়েস, ব্যাংক হিসাবসহ অ্যাকাউন্টিংয়ের সব কাজেই পারদর্শী টার্বোক্যাশ। কুইকবুকের প্রায় সব ফিচারই রয়েছে এতে। একাধিক মুদ্রার জন্য কনফিগার করা যায় এটি এবং পাশাপাশি এর রিপোর্ট ফিচারটি অত্যন্ত শক্তিশালী। ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি আদর্শ একটি বিনামূল্যের সফটওয়্যার। এর ডাউনলোড লিংক http://turbocash.net।
সুগার সিআরএম :গ্রাহকসেবার সফটওয়্যার
একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গ্রাহক সন্তুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যবসা কার্যক্রম ও ব্যবসার পরিধি বাড়াতে গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার বিকল্প নেই। এই ধরনের সেবার জন্য বেশকিছু ওয়েবসাইট ও সফটওয়্যার রয়েছে। তবে সুগারসিআরএম বিনামূল্যেই আপনার গ্রাহকদের সাথে আপনার সম্পর্কটি রক্ষা করার কাজ করে দেবে। ওপেন সোর্স প্ল্যাটফর্মের সুগারসিআরএম কমিউনিটি বিনামূল্যেই ব্যবহার করা যায়। ব্যবসা বাড়ার সাথে সাথে প্রফেশনাল, করপোরেট, এন্টারপ্রাইজ কিংবা আল্টিমেট সংস্করণ ব্যবহার করা যাবে অর্থের বিনিময়ে। তবে সব সংস্করণের জন্যই সোর্স কোড উন্মুক্ত বলে একে ইচ্ছেমতো সাজিয়ে নেওয়া যায় নিজের মতো করে। ডাউনলোড লিংক www.sugarcrm.com/community।
স্ক্রাইবাস :পাবলিশিংয়ে বিনামূল্যের সমাধান
ছোট ছোট অনেক ব্যবসা প্রতিষ্ঠানেরই মার্কেটিং, প্রচারণা ও বিজ্ঞাপনের জন্য নানা ধরনের পাবলিশিংয়ের কাজ করতে হয়। ব্রশিউর, ফায়ার, ফ্লায়ার, লিফলেট প্রভৃতি তৈরির জন্য তাই মাইক্রোসফটের পাবলিশার ব্যবহার করে থাকেন অনেকেই। তবে একই ধরনের কাজের জন্য বিনামূল্যে ব্যবহার করতে পারেন স্ক্রাইবাস। এতে বিভিন্ন ধরনের পাবলিকেশনের জন্য বিল্ট-ইন রয়েছে বৈচিত্র্যময় ডিজাইনরে টেমপ্লেট। আর সরাসরি ডিজাইন প্রেসে পাঠানোর উপযোগী করেই রেডি করা যায় স্ক্রাইবাস ব্যবহার করে। কালার সেপারেশন, সিএমওয়াইকে, স্পট কালার, আইসিসি কালার ম্যানেজমেন্ট সবই নির্ধারণ করা যায় স্ক্রাইবাস থেকেই। ডাউনলোড লিংক www.scribus.net/canvas/Scribus।
সিম্পল ইনভয়েস :ইনভয়েসের সফটওয়্যার
যেকোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই অপরিহার্য একটি বিষয় হচ্ছে ইনভয়েস। যেকোনো ধরনের আর্থিক লেনদেনের জন্যই এটি প্রয়োজন হয়। আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ ডিজাইনের ইনভয়েস তৈরি করার জন্যই রয়েছে ওপেন-সোর্স সফটওয়্যার সিম্পল ইনভয়েস। ক্লায়েন্টকে ট্র্যাক করা, বিল তৈরি করা, ট্যাক্সের হার সমন্বয় করাসহ ইনভয়েসের জন্য প্রয়োজনীয় সব কাজই করা যায় সিম্পল ইনভয়েস ব্যবহার করে। আর এর আরেকটি বাড়তি সুবিধা হচ্ছে, আলাদা করে ওয়েব ব্রাউজার থেকেও ব্যবহার করা যায় এটি। ডাউনলোড লিংক www.simpleinvoices.org।
ওপেনপ্রোজ :প্রকল্পের ব্যবস্থাপনা
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অধীনে যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তার সার্বক্ষণিক নজরদারি দায়িত্ব কারও উপর থাকতেই পারে। তার কাছেই সেই প্রকল্পের যাবতীয় তথ্য পাওয়া যেতে পারে। তবে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে এই কাজটিই খুব সহজে করা যায়। প্রজেক্টের জন্য প্রয়োজনীয় লোকবল, বাজেট বরাদ্দ, বিভিন্ন ডেডলাইন নির্ধারণ প্রভৃতির পরিকল্পনা থেকে বাস্তবায়নের প্রতিটি ধাপই মনিটর করার সুবিধা রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফওয়্যারে। ‘ওপেনপ্রোজ’ এই কাজে আপনাকে সেবা প্রদান করবে বিনামূল্যে। এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি প্রকল্পের সার্বক্ষণিক মনিটরিং সম্ভব। ডাউনলোড লিংক www.serena.com/index.php/en/products/openproj।
