সকলের কাছে প্রথমবারের মতো ত্রিমাত্রিক স্ক্যানার পৌঁছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেকারবট। তারা তাদের এই ত্রিমাত্রিক স্ক্যানারের নাম দিয়েছে ‘ডিজিটাইজার’। গত বৃহস্পতিবার থেকে ডিজিটাইজারের অনলাইন বিক্রি শুরু হয়েছে। আর আগামী অক্টোবরেই অর্ডার দেওয়া ডিজিটাইজারগুলো পৌঁছে যাবে গ্রাহকদের হাতে। যেকোনো বস্তুর ত্রিমাত্রিক মডেলিং তৈরি করে দিতে সক্ষম এটি। আর এটি ব্যবহার করার জন্য ত্রিমাত্রিক মডেলিং কিংবা এই সংক্রান্ত সফটওয়্যারের কোনো ধারণা থাকারও প্রয়োজন নেই। শুধু তাই নয়, এর মাধ্যমে একাধিক বস্তুকে স্ক্যান করে একসাথে জুড়েও দেওয়া যাবে। যেমন, যে কেউ চাইলেই এর মাধ্যমে একটি পুতুল এবং একটি হ্যাট স্ক্যান করে পরে ফ্রি সফটওয়্যারের মাধ্যমে সেই হ্যাটটি পুতুলের মাথায় বসিয়ে নিতে পারবে। পরে ত্রিমাত্রিক প্রিন্টারে হ্যাটসহ পুতুলটিই তৈরি হয়ে যাবে। আর এই স্ক্যানারের জন্য মেকারবটের রয়েছে বেশকিছু ফ্রি সফটওয়্যার, যেগুলোর মাধ্যমে স্ক্যান করা বস্তুতেও প্রয়োজনমতো পরিবর্তন করা যাবে। এর দাম রাখা হয়েছে ১,৪০০ মার্কিন ডলার।
