প্রযুক্তি ব্যক্তিত্ব : লিনাস ট্রোভাল্ডস

আপডেট : ২৭ আগস্ট ২০১৩, ২১:২৬
ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স সারা বিশ্বেই জনপ্রিয়। মূল ধারার কম্পিউটারে লিনাক্স উইন্ডোজ কিংবা ম্যাকের তুলনায় পিছিয়ে থাকলেও প্রোগ্রামার কিংবা গবেষকদের কাছে বিশেষায়িত বিভিন্ন কাজের জন্য এর বিকল্প নেই। সুপার কম্পিউটারগুলোতেও ব্যবহূত হয়ে আসছে লিনাক্স। লিনাক্স অপারেটিং সিস্টেমের মূলে যে ‘লিনাক্স কার্নেল’ রয়েছে, তার অন্যতম একজন রূপকার লিনাস ট্রোভাল্ডস। ফিনিশ এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার জন্মগ্রহণ করেন ১৯৬৯ সালের ২৮ ডিসেম্বর। হেলসিংকিতে জন্ম নেওয়া লিনাস ইউনিভার্সিটি অব হেলসিংকি থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নোডস (NODES) রিসার্চ গ্রুপের অধীনে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরের পড়ালেখা শেষেই যোগ দেন ফিনল্যান্ডের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক এক বছরের প্রশিক্ষণের জন্য। এরপর আবার পড়ালেখা শুরু করেন তিনি এবং এ সময়েই তিনি ইউনিক্স সম্পর্কে জানতে পারেন এবং এটি নিয়ে কাজ করতে শুরু করেন। তার এমএসসি থিসিসের বিষয় ছিল ‘লিনাক্স :আ পোর্টেবল অপারেটিং সিস্টেম’। পড়ালেখা শেষে তিনি ‘ট্রান্সমেটা’ নামক একটি প্রতিষ্ঠানে যোগ দেন। পরে তিনি যোগ দেন ওপেন সোর্স ডেভেলপমেন্ট ল্যাবে। পরে এটিই ফ্রি স্ট্যান্ডার্ড গ্রুপের সাথে যুক্ত হয়ে লিনাক্স ফাউন্ডেশনের পরিণত হয়। লিনাক্স কার্নেলের চিফ আর্কিটেক্ট হিসেবেও কাজ করেছেন ট্রোভাল্ডস। ১৯৯৯ সালেই এমআইটি তাকে অনুর্ধ্ব ৩৫ বছরের শীর্ষ ১০০ উদ্ভাবকের স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া নানা ধরনের সম্মাননা লাভ করেছেন তিনি।