পুলিশের কাছে অভিনেত্রী মিতানূরের ময়না তদন্ত রিপোর্ট জমা দিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। রিপোর্টে তার মৃত্যুর কারণ আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া মহাখালী রাসায়নিক পরীক্ষাগার থেকে পাওয়া ভিসেরা রিপোর্টে তার পাকস্থলিতে প্রচুর পরিমাণ ঘুমের ওষুধের উপাদান পাওয়া গেছে উল্লেখ করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ও মিতা নূরের মৃতদেহের ময়না তদন্তকারী চিকিত্সক ডা. সোহেল মাহমুদ জানান, ২/৩ দিন পূর্বে এই রিপোর্ট গুলশান থানা পুলিশের কাছে দেয়া হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ময়না তদন্তে পাওয়া গেছে। এছাড়া মিতানূরের পাকস্থলিতে ঘুমের ওষুধ ডাইজিফামের অস্তিত্ব পাওয়া গেছে।
গত ১ জুলাই সকালে রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসার ড্রয়িং রুমের সিলিংফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় অভিনেত্রী সাবিনা ইয়াসমিন মিতা নূরের মৃতদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ।
