ভারতের গুজরাটের ভাদোদরার অতলাদারা এলাকায় দু’টি ভবন ধসে অন্ততপক্ষে ৬ জন নিহত ও ৩৫ জনেরও বেশি মানুষ আটকা পড়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে। প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা এইচজে তাপারিয়া জানিয়েছেন, ভোর ৪টা ৩০ মিনিটের দিকে তিনতলা ভবন দু’টি ধসে পড়ে। তখন ভবন দু’টির বাসিন্দারা ঘুমিয়েছিলেন। ১৩ থেকে ১৪টি পরিবার ওই দুই ভবনে বসবাস করতো। ৩৫ বছর আগে ভাদোদারা নগর উন্নয়ন কর্তৃপক্ষের (ভিইউডিএ) করা বিশাল আবাসন প্রকল্পের অংশ ছিল ওই দু’টি ভবন। এই প্রকল্পের আওতায় আরো ৫৪টি একই ধরনের ভবন রয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি তার টুইটারে লিখেছেন, ভাদোদরায় দু’টি ভবনের ধসে পড়ার খবর শোনামাত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমার সহকর্মী মন্ত্রী নিতিনভাই দুর্ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছেন। ওই আবাসন প্রকল্পের বাসিন্দাদের ক্ষুব্ধ আত্মীয়স্বজন প্রকল্প এলাকার বাইরে জড়ো হয়েছেন।
