আফগানিস্তানে মার্কিন সেনা ঘাঁটিতে তালেবান হামলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫০
আফগানিস্তানের নানগারহার প্রদেশের পাকিস্তান সীমান্তের কাছে মার্কিন এক সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবানের একটি আত্মঘাতী দল। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিন জঙ্গি মারা গেছে বলে জানা গেছে।— খবর ডন ডন ও বিবিসির। নানগারহারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আহমেদ জিয়া আব্দুলজাই জানিয়েছেন, সোমবার সকালে তোরখাম এলাকায় ওই ঘঁটিতে ভারি অস্ত্রে সজ্জিত জঙ্গিরা হামলা শুরু করে। তিনি জানান, হামলার শুরুতে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। এক ইমেইল বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায়িত্ব স্বীকার করে বলেছেন, মার্কিনিদের ব্যবহূত একটি গাড়ি রাখার স্থানে বড় বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে বড় ধরনের এ হামলা শুরু করা হয়েছে। আমাদের অনেক বীরেরা সেখানে লড়াই করছে।” ন্যাটো জানিয়েছে, এ হামলা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে আব্দুলজাই জানিয়েছেন, মার্কিন ও আফগান বাহিনী যৌথভাবে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং ঘাঁটিটির ওপর দিয়ে ন্যাটো হেলিকপ্টার চক্কর দিচ্ছে।