পাকিস্তানের সহিংসতাপূর্ণ সীমান্ত অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে নয়জন সেনা সদস্য নিহত হয়। গত রবিবার একটি সেনা গাড়িবহর ঐ পথ দিয়ে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে।
উপজাতি অধ্যুষিত এ অঞ্চলের প্রধান শহর মিরান শাহের কাছে একটি গ্রামে এ বিস্ফোরণ ঘটে বলে সেনা বিবৃতিতে জানানো হয়। সামরিক সূত্র আরো জানায়, বিস্ফোরণের ঘটনায় অন্ততপক্ষে আরো ২১ সেনা আহত হয়েছে। তালেবান এবং আল-কায়েদা প্রায়ই এ অঞ্চলে সেনা ও বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়ে থাকে। তবে তাত্ক্ষণিকভাবে হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। পাকিস্তানের সীমান্ত সংলগ্ন অপর উপজাতি অঞ্চলগুলোতে সেনা মোতায়েন করায় সশস্ত্র গ্রুপগুলোকে দমন করতে এ অংশ থাকা সৈন্যদের সরিয়ে নিয়েছে দেশটি।
