তিউনিসিয়ায় জেল ভেঙ্গে ৫০ বন্দীর পলায়ন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৫
তিউনিসিয়ায় কারাগার থেকে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে ৫০ জন বন্দী। গত সোমবার দেশটির সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা একথা জানায়। দেশটিতে ইসলামি শাসনের বিরুদ্ধে অসন্তোষের ফলে যে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে ঠিক সে সময় এমন একটি ঘটনা নিরাপত্তা বাহিনীর ত্রুটিকে আবারো স্পষ্ট করে তুললো। কারাগারের পরিচালক জেনারেল হাবিব বাউয়ি বলেন, রবিবার সন্ধ্যায় গেবস শহরে অবস্থিত এ কারাগারের ৫০ জন বন্দী জেল ভেঙ্গে বের হয়ে যায়। তবে কিছু সময় পরেই ১২ জনকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়। তবে পালানোর সময় বন্দীদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষ হয়। এতে কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছে। এরা সবাই একই ধরনের অপরাধে অপরাধী বলে জানান তিনি। ২০১১ সালে আরব বসন্তের সূত্রপাত হয় উত্তর আফ্রিকার এই দেশটি থেকে। এই সময় ইসলামপন্থি সরকার এবং ধর্মনিরপেক্ষ বিরোধীদলের সাথে মতভিন্নতার জের ধরে আন্দোলন শুরু হয়। যা তীব্র আকার ধারণ করে। এদিকে ইসলামি জঙ্গিদের সিরিজ হামলার ফলে দেশটির নিরাপত্তা ব্যবস্থা দিনদিন দুর্বল হয়ে পড়ছে। ইতিমধ্যে ধর্মনিরপেক্ষ দু’জন রাজনীতিক নিহতের ঘটনায় রাজনৈতিক সংকট দেখা দিয়েছে দেশটিতে। বিভিন্ন হামলায় জড়িত থাকায় গতবছর কয়েকশ’ জঙ্গিকে বন্দী করেছে তিউনিসিয়া।