বরখাস্তকৃত সুপারকে বেতন দেয়ায় ৫ জনের নামে মামলা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৭
গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় খলিফাপাড়া রেজাউল করিম দাখিল মাদ্রাসার বরখাস্তকৃত সুপার মো.বজলুর রশিদকে বেতন প্রদান করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো.আব্দুল জলিল সরদার বাদী হয়ে গত সোমবার নাটোরের সহকারী জজ আদালতে (গুরুদাসপুর) ওই মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সোনালী ব্যাংক ম্যানেজার, বরখাস্তকৃত সুপার বজলুর রশিদ ও মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার। অভিযোগকারী আব্দুল জলিল সরদার মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একনম্বর অভিযুক্ত যাতে করে মাদরাসার বৈধ কমিটিকে উপেক্ষা করে এখতিয়ার বহির্ভূতভাবে বেতন-বোনাস বিলে স্বাক্ষর করতে না পারে এবং বৈধ কমিটিকে ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করতে না পারে এ মর্মে অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এব্যাপারে অভিযুক্ত মাদরাসা সুপার মো.বজলুর রশিদ দাবি করেন, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। বিধিসম্মতভাবে তিনি বেতন-বোনাস উত্তোলন করেছেন।