আইফোন আর আইপ্যাড দিয়ে আধুনিক স্মার্টফোন আর ট্যাবলেট পিসির সূচনা হলেও দ্রুতই এই বাজারে নিজেদের শীর্ষে তুলে নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড। গুগল’র এই অপারেটিং সিস্টেমই এই স্মার্ট পণ্যের বাজারে প্রায় দুই-তৃতীয়াংশ ডিভাইস দখল করে রেখেছে। অ্যান্ড্রয়েডের এই সাফল্যের খবর নতুন নয়। তবে নতুন যে খবর, তা হলো এক বিলিয়ন সক্রিয় ডিভাইসের ল্যান্ডমার্ক পেরিয়ে গেছে অ্যান্ড্রয়েড। অর্থাত্, স্মার্টফোন আর ট্যাবলেট পিসি মিলিয়ে এখন গোটা বিশ্বে ১০০ কোটিরও বেশি ডিভাইসে ব্যবহূত হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। গুগল’র ক্রোম অ্যান্ড অ্যাপস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দার পিচাই গুগল প্লাসে একটি পোস্টের মাধ্যমে এই অভাবনীয় ল্যান্ডমার্ক অর্জনের খবরটি জানিয়েছেন। এই অর্জনের জন্য তিনি তার এবং গুগল’র পক্ষ থেকে স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি নির্মাতা, প্রসেসর ও চিপ নির্মাতা, মোবাইল ফোন অপারেটরসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তির প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। আর ভবিষ্যতে অ্যান্ড্রয়েডের আরও নতুন নতুন চমক দেখার জন্য সকলকে প্রস্তুত থাকতেও বলেছেন। আগামীকাল থেকে জার্মারি বার্লিনে শুরু হতে যাওয়া বাত্সরিক বৃহত্ আয়োজন আইএফএ, বার্লিনেও নতুন নতুন অ্যান্ড্রয়েড ডিভাইস দেখার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। এদিকে ১০০ কোটি সক্রিয় ডিভাইসের সুখবরটি জানানোর সাথে সাথে গুগল’র পক্ষ থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরেকটি সুখবরও দেওয়া হয়েছে। ইতোমধ্যেই অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের কাজ শুরু হয়ে গেছে। শীঘ্রই বাজারে এই সংস্করণটি। এখন পর্যন্ত সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণটি হলো অ্যান্ড্রয়েড ৪.৩, যার কোড নাম জেলি বিন। এর পরে অনেকেই ধারণা করেছিল পরের সংস্করণটি হবে অ্যান্ড্রয়েড ৫.০। তবে গুগল জানিয়েছে, নতুন সংস্করণটি হবে অ্যান্ড্রয়েড ৪.৪। আর এর কোড নাম হিসেবে এর আগে ‘লাইম পাই’য়ের কথা জানানো হলেও গত পরশু রাতে গুগল প্লাসে অ্যান্ড্রয়েডের পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, এই সংস্করণের নাম হবে ‘কিটক্যাট’। বিশ্বব্যাপী জনপ্রিয় সুইস চকলেট ব্র্যান্ড কিটক্যাটকেই চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে অ্যান্ড্রয়েডের কোড নামের জন্য। এই সংস্করণটি অবমুক্ত হলে প্রচারণামূলক কার্যক্রম হিসেবে কিটক্যাটের চকলেট বারের মধ্যে নেক্সাস ৭ ট্যাবলেট পিসি কিংবা গুগল প্লে স্টোরের ক্রেডিটও পাওয়া যাবে বলে জানানো হয় এই পোস্টে।
