দেশের প্রথম মোবাইল ক্রেডিট কার্ড হিসেবে যাত্রা শুরু করেছে ‘স্বস্তি’। মোবাইল নেটওয়ার্ককে ব্যবহার করে স্বয়ংক্রিয় এই ঋণব্যবস্থাপনা কার্যক্রমটি চালু করেছে বিডিজবস ডটকমের অঙ্গপ্রতিষ্ঠান ‘স্বস্তি’। এতে সহযোগী হিসাবে থাকছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ও বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। স্বস্তি’র প্রকল্প পরিচালক ও বিডিজবস ডটকমের চেয়ারম্যাান আহমদ ইসলাম মুকসিত স্বস্তি’র পরিচিতি পর্বে বলেন, ‘স্বস্তি হলো মোবাইলের মাধ্যমে প্রাপ্ত একটি জরুরি ঋণ সুবিধা। সেবাটির মাধ্যমে প্রান্তিক মানুষ তার জরুরি প্রয়োজনে তাত্ক্ষণিকভাবে সহজ শর্তে ঋণ নিতে পারবেন। এতে আলাদা কোনো ক্রেডিট কার্ড বা ডিভাইসের প্রয়োজন নাই। স্বস্তি’র সাথে রেজিষ্ট্রেশনকৃত গ্রাহক তার মোবাইলটি ব্যবহার করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঋণের টাকা উত্তোলন বা পরিশোধ করতে পারবেন স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে। প্রয়োজন কেবলই একটি সাধারণ মোবাইল ফোন। এটা যেন প্রান্তিক মানুষের ‘মোবাইল ক্রেডিট কার্ড’। জরুরি অবস্থায় চিকিত্সা ব্যয়, সন্তানের শিক্ষা ব্যয়, ঈদ-পূজা-নববর্ষ ইত্যাদি উত্সবে খরচ, ভ্রমণ ব্যয়সহ দৈনন্দিন পারিবারিক প্রয়োজনে স্বস্তি’র মাধ্যমে ঋণ পাওয়া যাবে।’ অনুষ্ঠানে ড. আতিউর রহমান বলেন, ‘সাধারণ মোবাইল ডিভাইস ব্যবহার করে তাত্ক্ষণিক এই ঋণসুবিধা নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষের জরুরি প্রয়োজনে কম খরচে অর্থের সংস্থান করবে, যা দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।’ ড. কাজী খলিকুজ্জামান ঋণ-ব্যবস্থাপনার এই পদ্ধতিকে অভিনব হিসেবে আখ্যায়িত করেন এবং সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সহযোগী প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরীন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ঋণ) ও বিডিজবস ডটকমের ব্যবস্থাপনা পরিচালক একেএম ফাহিম মাশরুর গত ৫ মাসে প্রকল্প পরিচালনায় তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বস্তি গ্রাহক রুমানা আহমেদ তার ব্যক্তিগত জরুরি প্রয়োজনে সেবা গ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করেন।
