অনলাইন শিক্ষায় জম্পেশ ডটকম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২২
‘জম্পেশ মানে উপভোগ্য’—এই প্রতিপাদ্য মাথায় রেখেই গড়ে তোলা হয়েছে অনলাইন শিক্ষার ওয়েবসাইট জম্পেশ ডটকম (jompesh.com)। পড়ালেখাকে উপভোগ্যভাবে উপস্থাপন করে মূল বিষয়কে শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়াই ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য। বর্তমানে সৃজনশীল যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে তার মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থী বিষয়গুলো ভালোভাবে বুঝবে এবং মুখস্ত না করে নিজে নিজে প্রশ্নের উত্তর তৈরি করবে। কিন্তু শিক্ষক স্বল্পতা বা প্রয়োজনীয় পাঠদান পদ্ধতির স্বল্পতার কারণে শিক্ষার্থীরা বিষয়গুলো ঠিকমতো বুঝতে পারছে না। এই সমস্যা লাঘবের লক্ষ্যে জম্পেশ এক ভিন্নধর্মী পাঠদান শুরু করেছে। এখানে প্রতিটি বিষয়কে বুঝতে সহজ ভাষা, ভিডিও, কার্টুন এবং দৈনন্দিন জীবনের সাথে মিল রেখে উদাহরণের মাধ্যমে তুলে ধরছে যাতে শিক্ষার্থীরা আনন্দের সাথে পাঠ গ্রহণ করতে পারে। পাশাপাশি এখানেই শিক্ষার্থীরা নিজেরা নিজেদের মধ্যে পাঠ নিয়ে আলোচনা করার সুযোগ পাবে। গান শোনা এবং শিক্ষামূলক গেম খেলার সুযোগও রয়েছে এই সাইটে। ফলে পড়ালেখার পাশাপাশি বিনোদনও লাভ করতে পারবে শিক্ষার্থীরা। বর্তমানে এই সাইটে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ে রয়েছে পাঠ। শিশুদের জন্য রয়েছে বর্ণমালা, বাংলা ছড়া, ইংরেজি ছড়ার কার্টুনভিত্তিক ভিডিও, যা শিশুদের আনন্দের সাথে শিখতে সাহায্য করবে। জম্পেশের প্রতিষ্ঠাতা সাইদুজ্জামান এই সাইটটি সম্পর্কে বলেন, ‘শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য সৃজনশীলভাবে পড়ানোর পদ্ধতি প্রয়োজন। এই সাইটের মাধ্যমে তা করার চেষ্টা করে যাচ্ছি আমরা। আর এখানে বিনামূল্যে সব কনটেন্ট উন্মুক্ত থাকায় যে কেউই এই সাইটে অ্যাকসেস করতে পারবে।’