গতকাল রবিবার সকাল থেকেই টানা বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। ভারি বর্ষণের কারণে নগরীর শান্তিনগর, শাহজাহানপুর, মালিবাগ, মৌচাক, মিরপুর, নিউমার্কেট এলাকাসহ নগরীর বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে যায়।
সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় অফিসগামী মানুষ বাসায় আটকা পড়েন। সকাল নয়টার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলে মানুষ অফিস-আদালতের উদ্দেশে বের হয়ে ভোগান্তিতে পড়েন। এছাড়া স্কুলগামী শিশুরাও পড়ে বিপাকে। শ্রমজীবী ও ছিন্নমূল মানুষও দুর্ভোগ পোহায়।
সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপও বেশি লক্ষ্য করা গেছে। বিভিন্ন সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। শাহবাগ থেকে ফার্মগেট, শ্যামলী থেকে নিউমার্কেট, মিরপুর থেকে ফার্মগেট সড়ক যানজটে স্থবির হয়ে পড়ে।
