ট্যাবলেট পিসির অ্যাকসেসরিজ তৈরির দিকে মনোযোগী হয়ে উঠছেন অনেকেই। এবারে বিশ্বের অন্যতম সেরা হার্ডডিস্কে নির্মাতা সিগেট তৈরি করেছে ট্যাবলেট পিসির জন্য হার্ডডিস্ক। সাধারণত প্রচলিত ট্যাবলেট পিসিগুলোতে সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বিল্ট-ইন দেখা যায়। এর বাইরে এক্সটার্নাল মেমোরি কার্ডের মাধ্যমে আরও খানিকটা বাড়িয়ে নেওয়া যায় ট্যাবলেট পিসির স্টোরেজ। কিন্তু মাল্টিমিডিয়া ফাইলের আধিক্যের কারণে ট্যাবলেট পিসিতেও ব্যবহারকারীরা আরও অনেক বেশি স্টোরেজ দাবি করে থাকেন। সেই দাবিই পূরণ করবে সিগেটের হার্ডডিস্ক। কেননা, তারা যে হার্ডডিস্ক তৈরি করেছে ট্যাবলেট পিসির জন্য, তার স্টোরেজ সক্ষমতা ৫০০ জিবি! হ্যাঁ, একটি ডেস্কটপ বা ল্যাপটপের মতোই স্টোরেজ পাওয়া যাবে এই হার্ডডিস্ক ব্যবহার করে এবং এটি কাজও করবে ট্যাবলেট পিসির ফ্ল্যাশ স্টোরেজের মতো সমান দক্ষতায়। সিগেট আল্ট্রা মোবাইল হার্ডডিস্ক নামের এই হার্ডডিস্ক ফ্ল্যাশ স্টোরেজের মতো পারফরম্যান্স করতে ব্যবহার করবে বিশেষ সফটওয়্যার। মাত্র আড়াই ইঞ্চি এই ড্রাইভ পুরুত্বে মাত্র ৫ মিলিমিটার এবং এর ওজন প্রায় ৯৩ গ্রাম। ফলে ট্যাবলেট পিসির মতো মোবাইল ডিভাইসে একে সহজেই ব্যবহার করা যাবে বলেই জানিয়েছে সিগেট। এই হার্ডডিস্ক সম্পর্কে সিগেটের সিইও স্টিভ লুকজো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের মোবাইল এনাবল্ড কিট এবং ক্যাশিং সফটওয়্যার ব্যবহার করে ট্যাবলেট পিসির মতো ডিভাইসে প্রচলিত ফ্ল্যাশ স্টোরেজের সমান গতিতেই এই হার্ডডিস্কগুলো ব্যবহার করা যাবে। ফলে মোবাইল ডিভাইসে এটি নতুন ধরনের মূল সংযোজন করতে সক্ষম হবে বলেই আমরা আশাবাদী।’ সিগেট জানিয়েছে, ট্যাবলেট পিসিতে ব্যবহারের জন্যই একে বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে শক, উচ্চ তাপমাত্রা, ভাইব্রেশন কিংবা গাইরোস্কোপিক মোশনেও এটি সমান দক্ষতায় কাজ করতে পারে। ৫০০ জিবি স্টোরেজের হার্ডডিস্কগুলোতে রয়েছে ৬ জিবিপিএস সাটা ইন্টারফেস, ১৬ মেগাবাইট ক্যাশ এবং ৫৪০০ আরপিএম ঘূর্ণন গতি। সিগেটের হার্ডডিস্কগুলো অবশ্য প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনা তৈরি করেছে। বিশেষ করে এর মাধ্যমে উচ্চ স্টোরেজ সুবিধা পিসি এবং ল্যাপটপের বাজারকে আরও খানিকটা হুমকির মুখে ফেলতে পারবে বলেই ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের।
