সস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানের জামিনের জন্য আবেদন করা হয়েছে। ঐশীর আইনজীবী মাহবুব হাসান রানা জানান, গত ৫ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে ঐশীর জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারী বিবিধ মামলামূলে এ আবেদন করা হয়। ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেন।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট রাতে মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান তাদের চামেলীবাগের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। ১৬ আগস্ট সন্ধ্যায় তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৭ আগস্ট দুপুরে পল্টন থানায় ঐশী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। মা-বাবাকে হত্যার কথা স্বীকার করে গত ২৪ আগস্ট ঐশী আদালতে জবানবন্দি দেয়। ওই দিন ঐশীকে গাজীপুরে কিশোরী সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে ২৯ আগস্ট ঐশীর জন্মসনদ ও ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ঐশীর বয়স সংক্রান্ত প্রতিবেদন পাঠানো হয়।
