ফিলিপাইনে বৃহস্পতিবার পঞ্চমদিনের মত সরকারি বাহিনীর সাথে মুসলিম বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর জামবোয়াঙ্গায় একশ’রও বেশি মানুষকে বন্দী করে রেখেছে বিদ্রোহীরা।
বিদ্রোহীদের হটাতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। সংঘর্ষে বাড়িগুলো জ্বালিয়ে দেয়া হচ্ছে। এর ফলে বৃহস্পতিবার ঐ এলাকা থেকে মানুষজন পালাতে শুরু করেছে। দেশটির সরকার খুব শিগগিরই শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে এসব সশস্ত্র বিদ্রোহীদের প্রতি হুঁশিয়ারি দিয়েছে। প্রেসিডেন্টের এক মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছে, সমস্যা সৃষ্টিকারী সেটা যে দলই হোক না কেন তাদের নিশ্চিহ্ন করা হবে। এদিকে বাসিলান দ্বীপের একটি শহরে বন্দুকধারীরা পৃথক একটি হামলা চালিয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ক্যাথলিক শাসিত দেশটির দক্ষিণাঞ্চলে সংখ্যালঘু মসলিমদের জন্য আলাদা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠায় ১৯৯৬ সালে বিদ্রোহী গ্রুপ এমএনএলএফ সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। কিন্তু বিদ্রোহীদের অভিযোগ, সরকার তাদের এ চুক্তি থেকে সরে এসেছে।
