যে কারণে সুইমিং বেশি উপকারী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম বা শরীর চর্চা করা স্বাস্থ্যের জন্য ভালো। ব্যায়ামের মধ্যে হাঁটা, জগিং করা, ট্রেডমিল, দৌড়ানো, সাইক্লিং, সুইমিং ইত্যাদি রয়েছে। বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন যারা নিয়মিত সুইমিং করেন তাদের হার্ট বিট ভালো থাকে, মাংসপেশীর সংকোচন প্রসারণ স্বাভাবিক থাকে এবং শরীরে রক্ত চলাচল অন্যান্য ব্যায়ামের তুলনায় দ্রুততর হয় এবং রক্ত সঞ্চালন সুষমভাবে বিস্তৃত হয়।এছাড়া সুইমিং করলে শরীর থেকে পানি বের হয় না। ফলে খনিজ লবণের ওপর কোন প্রভাব পড়ে না। সুইডিস বিজ্ঞানীরা জগিং, ট্রেডমিল এবং সুইমিং তিন ধরনের ব্যায়ামের তুলনামূলক জরিপ করে দেখেছেন যারা নিয়মিত সুইমিং করেন তারা অন্যদের থেকে শারীরিকভাবে অধিক সামর্থ্যবান থাকেন এবং মানসিক চাপ তাদের অনেক কম থাকে। গবেষণায় আরও বলা হয়েছে সুইমিং পেরিফেরাল ব্লাড সার্কুলেশন বাড়ায়। ফলে সুইমিং করার পর শারীরিক যোগ্যতা অনেক বেড়ে যায়। তবে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করার কথা বলা হলেও প্রতিদিন কমপক্ষে কত মিনিট সুইমিং করতে হবে তা সুনির্দিষ্ট ভাবে বলা হয়নি। তবে সুইমিং-এর ক্ষেত্রে প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় অন্তত ২০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত সুইমিং করতে পারেন। তবে যাদের সুইমিং করার সুযোগ নেই তারা অবশ্যই হাঁটাচলা, জগিং বা অন্যান্য ব্যায়াম করতে পারবেন। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ