প্রযুক্তি ব্যক্তিত্ব : আলফ্রেড আহো

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৭
কানাডার কম্পিউটার বিজ্ঞানী আলফ্রেড আহো। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, কম্পাইলার এবং এ সম্পর্কিত অ্যালগরিদম নিয়ে উল্লেখযোগ্য পরিমাণে কাজ করেছেন তিনি। কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে বই লিখেও বিখ্যাত হয়েছেন এই মেধাবী বিজ্ঞানী। ১৯৪১ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন আলফ্রেড আহো। তার পুরো নাম আলফ্রেড ভাইনো আহো। ইউনিভার্সিটি অব টরোন্টো থেকে তিনি ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি বেল ল্যাবরেটরিতে গবেষণায় নিয়োজিত ছিলেন। পরে ১৯৯৭ থেকে ২০০২ পর্যন্ত কম্পিউটার সায়েন্স রিসার্চ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কর্মরত ছিলেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও কর্মরত ছিলেন তিনি। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত সেখানে তিনি লরেন্স গসাম চেয়ার হিসেবে দায়িত্বে রয়েছেন। বেল ল্যাবরেটরিতে কর্মরত থাকা অবস্থায় আলফ্রেড ইউনিক্সের বিভিন্ন অ্যালগরিদম নিয়ে কাজ শুরু করেন। এ সময় লেখা ‘fgrep’ অ্যালগরিদমটি আহো-কোরাসিক অ্যালগরিদম হিসেবেই পরিচিতি লাভ করে। মারগারেট কোরাসিক, স্টিভ জনসন, জেফরি উলম্যানসহ বেশ কয়েকজন গবেষকের সাথে তিনি কাজ করেছেন। পরে উলম্যানসহ আরও কয়েকজন বিজ্ঞানীর সাথে কম্পিউটিং, প্রোগ্রামিং, অ্যালগরিদম প্রভৃতি বিষয়ে বেশকিছু পাঠ্যপুস্তক রচনা করেন আহো। বইগুলো অনেক বিশ্ববিদ্যালয়েই পাঠ্যপুস্তক হিসেবে পড়ছে লাখো শিক্ষার্থী।