শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বের অন্যতম বৃহত্ একটি স্টক এক্সচেঞ্জ মার্কেট হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সিকিউরিটিস ডিলারস অটোমেটেড কোটেশনস বা সংক্ষেপে নাসদাক (NASDAQ)। বিশ্বের বড় বড় সব প্রতিষ্ঠান এই শেয়ার মার্কেটেই নিজেদের শেয়ার লেনদেন করে থাকে। সুবৃহত্ এই স্টক মার্কেটের নিরাপত্তা ব্যবস্থাও অনেক ভালো বলেই মনে করা হয়ে থাকে। তবে সুইজারল্যান্ডের সিকিউরিটি কোম্পানি হাই-টেক ব্রিজের প্রধান ইলিয়া কোলোচেঙ্কো জানিয়েছেন, মাত্র ১০ মিনিটের প্রচেষ্টাতেই নাসদাকের ওয়েবসাইট হ্যাক করতে সক্ষম হয়েছেন তিনি। নাসদাকের নিরাপত্তা ব্যবস্থার কিছু ত্রুটির কথা তিনি আগেই জানিয়েছিলেন নাসদাক কর্তৃপক্ষকে কিন্তু তারা তার কথায় কর্ণপাত করেননি। সপ্তাহ তিনেক আগে নাসদাকের ওয়েবসাইটে কিছু গণ্ডগোল দেখা যায়। অভ্যন্তরীণ কিছু ত্রুটির কারণে এমনটি হয়েছিল বলে জানিয়েছিল নাসদাক কর্তৃপক্ষ। তবে কোলোচেঙ্কো জানিয়েছেন, এটা হ্যাকারদের আক্রমণের কারণেও হয়ে থাকতে পারে। নাসদাকের ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, ‘একজন ভালো হ্যাকার খুব সহজেই নাসদাকের ওয়েবসাইট হ্যাক করতে পারে এবং সেই ওয়েবসাইটে নিজের ইচ্ছেমতো যা খুশি করতে পারে। এমনও হতে পারে কেউ হয়ত এই ওয়েবসাইট হ্যাক করে ওয়েবসাইটেই জানিয়ে দিল ফেসবুকের শেয়ারের মূল্য ৯০ শতাংশ পড়ে গেছে। এই ধরনের ঘটনা বাজারকে এলোমেলো করে দিতে পারে।’ তিনি বলেন, ‘আমি মাত্র ১০ মিনিটেই এই ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিগুলো খুঁজে বের করতে পেরেছি। ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহার করে বাড়তি কোনো সফটওয়্যার বা টুলস ব্যবহার না করেই আমি এই কাজ করতে সক্ষম হয়েছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এ বিষয়গুলো নিয়ে তাদের জানানোর পরেও তারা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।’ কোলোচেঙ্কো জানান, হ্যাকাররা চাইলেও নাসদাক ওয়েবসাইট থেকে সব ধরনের সংবেদনশীল ও গোপনীয় তথ্য হাতিয়ে নিতে পারে। এ বিষয়ে অবশ্য নাসদাকের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এবং এ সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হবে না।
