যুক্তরাষ্ট্র যাচ্ছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। মার্কিন গোপন গোয়েন্দা নজরদারিকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার কারণে মঙ্গলবার তিনি দীর্ঘ পরিকল্পিত এ সফর বাতিল করেন।— খবর এএফপির
এদিকে এর ফলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় পড়েছেন এবং অন্যতম শক্তিশালী ল্যাটিন আমেরিকান দেশ ব্রাজিলের সঙ্গে তার সম্পর্কোন্নয়নের চেষ্টাও হোঁচট খেয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা বিভাগের সাবেক টেকনিশিয়ান স্নোডেন ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির তথ্য ফাঁস করে দিলে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টায় প্রেসিডেন্ট ওবামা জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দিলমা রৌসেফের সঙ্গে বৈঠক করেন। এছাড়া ওবামা সোমবার টেলিফোনেও দিলমার সঙ্গে আলোচনা করেন। কিন্তু শেষ পর্যন্ত দিলমা তার অবস্থানে অনড় থেকে সফর বাতিলের ঘোষণা দেন। আগামী ২৩ অক্টোবর তার এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
