পাপুয়া নিউগিনিতে ৫.৭ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৬
পাপুয়া নিউগিনির উত্তর উপকূলে বৃহস্পতিবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭। তবে এতে হতাহত বা ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৫৩ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল উইওয়াকের ৭৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব এবং রাজধানী পোর্ট মোর্সবী থেকে ৭৬১ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের মাত্র সাড়ে ছয় কিলোমিটার গভীরে। অস্ট্রেলিয়ার ভূ-কম্পনবিদ ডেভিড জেসপ জানান, পাপুয়া নিউগিনিতে সব সময় এ ধরনের স্বল্প গভীরে ভূমিকম্প আঘাত হেনে থাকে। ফলে এ এলাকায় রিখটার স্কেলে ৬.০ মাত্রার কম শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক কম। এ ভূমিকম্পে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।