ওয়ান ইলেভেন
জাতির লজ্জা
আমরা যদি ভুলে না-যাই তবে এতটুকু স্মৃতিচারণ করলেই আমরা জানতে পারব যে, বিগত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়েও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে তত্কালীন সরকারি দল বিএনপি এবং তত্কালীন বিরোধীদল বাংলাদেশ আওয়ামী লীগ পরস্পর বিপরীত পথে হেঁটেছিল আর ফলশ্রুতিতে সৃষ্টি হয়েছিল ওয়ান ইলেভেন। অতঃপর জেলে যেতে হয়েছিল তত্কালীন সরকার প্রধান বেগম খালেদা জিয়া এবং বর্তমান সরকার প্রধান শেখ হাসিনাকে। অতঃপর ফখরুদ্দিনরা দেশকে ঠেলে দিয়েছিল অর্থনৈতিক বিপর্যয়ের দিকে। শুধু তাই নয়, ১/১১’র কারণে দেশের হাজার হাজার মানুষকে দিনের পর দিন অর্ধাহারে ও অনাহারে কাটাতে হয়েছিল। বর্তমান সময়েও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সরকার ও বিরোধীদল কেউ কারো মুখ দর্শন করতে চায় না। তবে কি ধরে নিব সোনার বাংলায় আবারো ১/১১ আসন্ন? যদি আবারো বাংলাদেশে ১/১১’র সৃষ্টি হয় তবে এর দায়ভার নিবে কে? জানি না আপনারা কী বলবেন? তবে আমি মনে করি এর দায়ভার নিতে হবে সকল রাজনৈতিক দলকে। সবশেষে সরকার ও বিরোধীদলকে সমঝোতার আহ্বান জানাই কারণ সমঝোতা না-হলে আবার সৃষ্টি হতে পারে ১/১১। আর ওয়ান ইলেভেন জাতির জন্য লজ্জাজনক।
তারেক রহমান
স্নাতক সম্মান (বাংলা)
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, বাংলাদেশ
নিরীহ জনগণের স্বার্থে পরস্পর সমঝোতায় আসুন
বর্তমানে বাংলাদেশে রাজনীতিতে চরম সঙ্কট চলছে। এই সঙ্কট নিরসনে দুই নেত্রীর মধ্যে কথোপকথনের মাধ্যমে সমঝোতায় আসা প্রয়োজন। চরম এই রাজনৈতিক দাঙ্গার রোষানলে অতিষ্ঠ যেমন ছাত্রসমাজ, তেমনি ভুক্তভোগী সাধারণ জনগণও। তাই সরকার ও বিরোধীদলীয় নেত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি, আপনারা অন্তত নিরীহ জনগণের স্বার্থে হলেও পরস্পর সমঝোতায় আসুন। অন্যথায় দেশে চরম বিশৃঙ্খলা তথা ১/১১ পরিস্থিতির সৃষ্টি হবে।
আলিমুল রাজী
ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(৬ষ্ঠ পর্ব)
কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
রাজনৈতিক দলগুলোকে আরো বেশি সচেতন হতে হবে
জনগণের সমর্থন ছাড়া দেশ শাসনের এমন ভার গ্রহণ করা অপরাধমূল কর্মকাণ্ড। আর এমন ঘটনার পেছনে শুধুই ওয়ান ইলেভেন সৃষ্টিকারী নায়কেরা দায়ী নয়। জণগণ যেসব রাজনৈতিক দলের কাছে গণতন্ত্র ও দেশ শাসনের জন্য ক্ষমতা হস্তান্তর করে তাদের হানাহানি, হীনমন্যতা, ক্ষমতার লোভ এবং রাজনৈতিক অদূরদর্শিতার জন্য এমন ঘটনার রূপ নেয়। সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে কিন্তু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোন সমঝোতা হলো না। তাই দেশ ও দেশের গণতন্ত্রকে বাঁচাতে রাজনৈতিক দলগুলোকে আরো বেশি সচেতন ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার উপায় বের করার জন্য অবশ্যই দু’দলকে আলোচনায় বসতে হবে।
মনিরুল ইসলাম (মনির)
অনার্স ৪র্থ বর্ষ, ইংরেজি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা
এক টেবিলে বসুন, সমাধান অবশ্যই আসবে
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য দায়ী মূলত রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি অসহিষ্ণু মনোভাব। গণতান্ত্রিক মূল্যবোধকে উপেক্ষা করে রাজনৈতিক দলগুলো দিন দিন নিজেদের দলীয় স্বার্থকেন্দ্রিক আর পরস্পরের প্রতি বিদ্বেষপ্রবণ হয়ে পড়ছে। বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ঘটনা যুক্ত হতে যাচ্ছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে রাজনৈতিক নেতাদের ভুল সিদ্ধান্তের কারণে জনসাধারণ ভোগান্তির শিকার হয়েছে। বর্তমান বাংলাদেশেও এর ব্যতিক্রম কিছু ঘটবে বলে মনে হচ্ছে না। রাজনৈতিক নেতারা ভুল করবে আর এর মাশুল দিবে জনসাধারণ। তাই, নেতাদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি, দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এক টেবিলে বসুন, সমাধান অবশ্যই আসবে।
আশরাফ নুর
চতুর্থ বর্ষ,
উন্নয়ন অধ্যয়ন বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়
দেশে ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঘটবে না
উত্তরে বলব না! বাংলাদেশের রাজনীতি এখন যে সাংঘর্ষিক পর্যায়ে পৌঁছে গেছে, তা দেখে মনে হয় যেন দেশে ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঘটবে। তবে পিছনের দিকে তাকালে দেখা যায়, প্রত্যেকটি নির্বাচনের শেষ মুহূর্তে এ ধরনের ঘটনার অনেক নজির রয়েছে। এবারের ঘটনা ভিন্নতা হলেও মনে হয়েছে দেশে ওয়ান ইলেভেনের মত ঘটনা ঘটবে না। তবে মন-মানসিকতার পরিবর্তন এনে তৃতীয় পক্ষসহ খোলামেলা আলোচনার সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলে রাজনৈতিক পরিস্থিতি সুন্দর হবে এবং দেশ আরও উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠবে।
মো. শাহাবুল আলম (এ.এস.ই)
মাস্টার্স (প্রাইভেট)
ইসলামিক স্টাডি বিভাগ;
রাজশাহী গভঃ কলেজ,
রাজশাহী
