সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সমঝোতা অবশ্যম্ভাবী
বর্তমান দেশ এক সংকটময় অবস্থায় আছে। সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মধ্যযুগীয় অবস্থানের জন্য দেশের মানুষ শংকার মধ্যে দিন যাপন করছে। দেশের এমন একটা পরিস্থিতিতে ওয়ান ইলেভেনের মত ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয়। আমরা এই বিষময় বৃক্ষের বিষফল ভক্ষণ করা এবং এর জ্বালা সম্পর্কে ভালোভাবে অবগত। আমরা জানি, নোংরা গণতন্ত্র উত্কৃষ্ট সামরিক শাসনের চেয়ে শ্রেয়। আমরা স্বাধীন হয়েছি যে কারণে তা না হয়ে যদি আমরা আবার কষ্টের জীবন লাভ করি তা হলে তো এ গণতন্ত্রের বা এ স্বাধীনতার প্রয়োজন ছিল না। তাই আমি মনে করি দেশ বাঁচাতে ও দেশের মানুষকে বাঁচাতে ওয়ান ইলেভেনের হাত থেকে রক্ষা করার জন্য সরকারি দল ও বিরোধী দলকে সমঝোতায় আসা উচিত।
মো. আবু সাঈদ হোসেন সাদ্দাম
২য় বর্ষ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
ওয়ান ইলেভেনের আভাস পাওয়া
যাচ্ছে
বিখ্যাত সমাজবিজ্ঞানী ও দার্শনিক ম্যাকিয়াভেলী বলেছিলেন, “A prince should combine the qualities of a fox and a lion.” অর্থাত্ শাসককে হতে হবে সিংহের মতো বলবান এবং শৃগালের মত ধূর্ত। তার এ কথায় স্পষ্ট যে কোন দেশ পরিচালনা করা সহজ কাজ নয়। জীবনে চলার পথে জাতীয় বা সাময়িক বাধা আসবে তাতে সন্দেহ নেই। কিন্তু শাসক যদি জনগণের আশার প্রতিফলন ঘটাতে না পারে তাহলে তার শাসন বেশিদিন টেকসই হয় না। জনগণের চাহিদা কি? জনগণ কি চায়? এসব প্রশ্নের উত্তর অনেকের জানা। জনগণের চাওয়া-পাওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলসমূহের এগিয়ে আসা উচিত। দেশের চলমান পরিস্থিতি ওয়ান ইলেভেন (1/11)-এর পূর্বাভাস। এভাবে কোন দেশ চলতে পারে না। দেশ এক মহাসংকটে পড়তে যাচ্ছে। দেশের মানুষ এ বিষয়ে অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত। এ অবস্থা কাটিয়ে উঠতে দরকার সহনশীলতা ও দেশপ্রেম। মানুষ আজ আছে কাল নেই। একসময় সবাইকে চলে যেতে হবে দুনিয়া থেকে। প্রকৃত অর্থে দেশপ্রেমিক ব্যক্তি মানুষের মাঝে বেঁচে থাকবে চিরকাল। আমরা নতুন প্রজন্ম এমন দেশপ্রেমিক পাওয়াটা আশা করছি।
আকাশ আহমেদ (জারসা)
সমাজবিজ্ঞান (অনার্স)-৩২১০
জাতীয় বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
উভয় দলকেই সমঝোতার মন নিয়ে এগিয়ে আসতে হবে
সরকারি দল ও প্রধান বিরোধী দল যদি সমঝোতার মাধ্যমে সামনে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশ যেমন উন্নতির দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের জনগণের ভালবাসা অর্জন করে রাজনৈতিক দল নতুনরূপে পরিচিত লাভ করবে। যদি জনগণের ভালবাসাই অর্জন করতে না পারে তাহলে রাজনীতি করে সফলতা পাওয়া যায় না, তাই মূলত দু’দলকেই বলবো তারা দু’জনার দোষ না ধরে একসাথে মিলেমিশে কাজ করুক, কিন্তু আরেকটি বিষয় এক পক্ষ বসতে চাইলে অন্য পক্ষ বসতে রাজি নয়, তা হলে তারা আমাদের শিক্ষা দেন যে আসুন আমরা মিলেমিশে কাজ করি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি, কিন্তু দু’দল সমঝোতায় না আসে, তাহলে তো বাংলাদেশের জনগণের বারটা বেজে যাবে এবং দু’দল সমঝোতায় না আসলে সত্যিই ওয়ান ইলেভেনের মত দেশের পরিস্থিতি হওয়ার সম্ভাবনাই বেশি। কথায় আছে যে মিলেমিশে করি কাজ হারিজিতি নাহি লাজ। এদিকে লক্ষ্য রেখে যদি মনে করেন যে কিছু কিছু হার আছে তা জয়ের চেয়ে বড় পাওয়া এবং তাহলে একজন অন্যজনকে ছাড় দিয়ে আগামীর কথা ভেবে মিলেমিশে কাজ করলেই জনগণ তাকে জয় এনে দিবে। তাহলে মারামারিরও দরকার নেই, জনগণকেও দুর্ভোগ পোহাতে হবে না, জিনিসপত্রের দামও বৃদ্ধি পাবে না। মূলত দু’দলেরই দরকার সমঝোতার মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া।
মো. মোশারফ হোসেন সোহাগ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
চট্টগ্রাম
ওয়ান ইলেভেন
হবার সম্ভাবনা
নেই
যেহেতু বারবারই গণতন্ত্র হোঁচট খেয়ে আসছে, আমাদের দেশের প্রধান দুই দলের মধ্যে গণতান্ত্রিক মানুষিকতার দুর্বলতা অনেকাংশেই রয়ে গেছে। আমরা দেখেছি ওয়ান ইলেভেনের হোতাদের দ্বারা প্রধান এই দুই দলের সংসদ সদস্য ও তাদের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তাই ওয়ান ইলেভেন সম্পর্কে তারা উভয়েই বেশ সচেতন। দেশের প্রত্যেক মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা এবং দেশের কল্যাণের জন্য দুই দলের সমঝোতা একান্তই প্রয়োজন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশ হয়তবা সংঘাতের দিকেই যাবে। কিন্তু ওয়ান ইলেভেন হবার সম্ভাবনা নেই বলে আমি মনে করি।
তাওফিক আহমদ (তুহিন)
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক
