দামেস্কে রাশিয়ার দূতাবাসে মর্টার হামলায় তিন কূটনীতিক আহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৩
সিরিয়ার রাজধানী দামেস্কে মর্টার হামলায় তিন রাশিয়ান কূটনীতিক আহত হয়েছেন। রবিবার দেশটির রাজধানী দামেস্কে অবস্থিত রাশিয়ান দূতাবাস লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মধ্যদিয়ে এ তথ্য প্রকাশ করেছে। -খবর সিনহুয়ার। সিরিয়া যখন রাসায়নিক অস্ত্রের প্রাথমিক প্রতিবেদন জমা দিল তখনই এ ধরনের একটি ঘটনা ঘটলো। সম্প্রতি দেশটি আন্তর্জাতিক বিশ্বের কাছে তাদের রাসায়নিক অস্ত্র হস্তান্তর করার বিষয়ে রাশিয়ার দেয়া প্রস্তাবের প্রতি সমর্থন জানায়। দেশটির গুরুত্বপূর্ণ এলাকা বারজেহতে অবস্থিত রাশিয়ান দূতাবাস কম্পাউন্ডের সামনে জঙ্গিরা মর্টার থেকে একটি গুলি ছোঁড়ে। বারজেহ এমন একটি জোয়গা যেখানে অনেকদিন যাবত্ বিদ্রোহী এবং সরকারি বাহিনীর সাথে লড়াই, সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ হামলায় আহত তিনজন শঙ্কামুক্ত রয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। এছাড়া সিরিয়ার সহায়তা নিয়ে তাদের কূটনৈতিক মিশনের নিরাপত্তা আরো জোরদার করতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ান দূতালয়ে এর আগেও অনেকবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রায় ঘন্টা খানেক আগে মস্কোতে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংসের প্রক্রিয়া এবং বিশেষজ্ঞদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক পর্যবেক্ষক পাঠাতে তার দেশ প্রস্তুত রয়েছে। তবে একটি পুরো সামরিক বহর প্রেরণের কোন প্রবণতা আমাদের নেই।