রাজধানীর নিত্যদিনের জীবনযাপনে হাঁপিয়ে ওঠেন অনেকেই। আর তা থেকে মুক্তি পেতেই প্রয়োজন হয় একটু বিনোদনের। হয়ত কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়া কিংবা ভালো কোনো খাবার খেতে যাওয়াটাও দৈনন্দিন জীবনের ক্লান্তিকে অনেকটাই দূর করতে পারে। কিন্তু যাবেন কোথায়? কী খাবেন? একটু ব্যতিক্রমধর্মী কোনোকিছু কিনতে চাইলেই বা কোন মার্কেটে পাবেন? এসব তথ্যের সমাহার নিয়েই যাত্রা শুরু করেছে আওয়ার ঢাকাসিটি ডটকম (www.ourdhakacity.com)। রাজধানী ঢাকার দর্শনীয় স্থান, মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়, বিখ্যাত সব খাবারের দোকান আর বাজার-ঘাটের তথ্য মিলবে এই ওয়েবসাইটে।
মূলত চারটি আলাদা আলাদা বিভাগে ঢাকা শহরের সব ধরনের তথ্যকে উপস্থাপনের প্রচেষ্টা নিয়েছে আওয়ার ঢাকাসিটি ডটকম। এর মধ্যে শুরুতেই রয়েছে দর্শনীয় সব স্থানের খবরাখবর। লালবাগের কেল্লা, হোসেনী দালান, ঢাকেশ্বরী মন্দির, সাত গম্বুজ মসজিদ, ছোট কাটরা, বড় কাটরা থেকে শুরু করে আধুনিক ঢাকার চন্দ্রিমা উদ্যান, ধানমন্ডি লেক, হাতিরঝিল—সব জায়গারই তথ্য রয়েছে এই সাইটে। আর প্রতিটি স্থানের বিভিন্ন ধরনের তথ্যের সাথে সাথে রয়েছে ছবি। ফলে স্থানগুলোকে আরও ভালোভাবে উপভোগ করা যাবে। প্রতিটি স্থানের সাথেই রয়েছে একাধিক ছবি।
ভোজনরসিকদের জন্য আওয়ার ঢাকাসিটি ডটকম হয়ে উঠতে পারে প্রথম একটি পছন্দের ওয়েবসাইট। কেননা, ঢাকা শহরের সব মজার মজার খাবারের খবর মিলবে এই সাইটে। হাজীর বিরিয়ানি, নান্নার বিরিয়ানি, বিউটি লাচ্ছি, স্টার কাবাবের লেগ রোস্ট, ফালুদা, আল রাজ্জাকের গুর্দা কাবাব, বুদ্ধুর পুরী, পুরান ঢাকার বাকরখানি, লাবাংসহ আরও অনেক ঐতিহ্যবাহী খাবার রয়েছে ঢাকাতে, যেগুলো নিজগুণে এলাকা ছাড়িয়ে গোটা ঢাকা শহরের বিখ্যাত খাবারে পরিণত হয়েছে। এসব খাবারের খবর পাবেন ঢাকা শহর নিয়ে তৈরি এই ওয়েবসাইটে।
এপর রয়েছে ঢাকা শহরের সব মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য সব ধর্মীয় উপাসনালয়ের খবর। কশাইটুলি মসজিদ, রামকালী মন্দির, বিনতি বিবির মসজিদ, তারা মসজিদ, গুরুদুয়ারা নানকশাহীর মতো সব উপাসনালয়ের খবর মিলবে এই সাইটে। কেবল ধর্মীয় উপাসনালয় হিসেবেই নয়, এগুলোর অনেকের বয়স শত-সহস্র বছর হওয়ায় এগুলো ঐতিহাসিক নিদর্শন হিসেবেও আকৃষ্ট করবে সব ধরনের মানুষকে।
আওয়ার ঢাকাসিটি ডটকমে রয়েছে ঢাকা শহরের সব বড় বড় শপিং মলের খবরও। নতুন গড়ে ওঠা সব শপিং মলের পাশাপাশি হস্তশিল্প কিংবা কারুশিল্পের পণ্যগুলো কোথায় মিলবে—তার খবরও রয়েছে এই সাইটে। ফলে যারা শপিং করতে পছন্দ করেন, তাদের জন্যও কাজে লাগবে সাইটটি।
সবমিলিয়ে গোটা ঢাকা শহরকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সাইটে। সময়ের সাথে এই সাইটটি আরও তথ্য ও ছবিতে সমৃদ্ধ হয়ে উঠবে—এমনই আশাবাদ এর নির্মাতাদের।
