কেনিয়ার ‘মল দখল’ অবসান ৩ দিনের রাষ্ট্রীয় শোক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪১
কেনিয়ার রাজধানী নাইরোবির অভিজাত শপিংমল ওয়েস্টগেটে জঙ্গি দখলদারিত্বের অবসান হয়েছে বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। টেলিভিশন বক্তৃতায় প্রেসিডেন্ট উহুরু নিরাপত্তা বাহিনীর ছয়জন নিহতের কথা জানান। তবে সেনা অভিযানের শেষ পর্যায়ে মলটির একটি অংশের তিনটি তলা ধসে পড়লে হামলাকারী জঙ্গিরাসহ অজ্ঞাত সংখ্যক জিম্মি কংক্রিট ও স্টিলের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। এতে জঙ্গিদের সঙ্গে আরো কতজন জিম্মি নিহত হলেন তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শপিংমলে হামলার ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। নিহতদের স্মরণে বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু করেছে কেনিয়ায়। শপিংমলের একটি অংশ ধসে পড়ার কারণ জানা যায়নি। গত শনিবার দুপুরে অভিজাত এই শপিংমলটিতে হামলা চালায় আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাব। এই অত্যাধুনিক শপিংমলে চারদিন ধরে গুলি, বিস্ফোরণ ও ব্যাপক রক্তপাতে হতবাক হয়ে গেছে কেনিয়াবাসী। এই অবস্থায় টেলিভিশনে কেনিয়ানরা কেনিয়াত্তার ঘোষণা শুনলেন, “অভিযান শেষ হয়েছে। আমরা হামলাকারীদের পরাজিত করেছি।” এরপর তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেন তিনি।