সার্চ ইঞ্জিন হিসেবে সন্দেহাতীতভাবে সকলের চাইতে যোজন যোজন এগিয়ে গুগল। তবে তারপরেও সার্চকে আরও সহজ করতে তাদের প্রচেষ্টা থেমে নেই। সম্প্রতি এরই ধারাবাহিকতায় নতুন সার্চ অ্যালগরিদম চালু করেছে গুগল। এর কোডনাম ‘হামিংবার্ড’। গত তিন বছরের মধ্যে এটাই গুগল’র সার্চ ইঞ্জিনে বড় কোনো আপডেট। গুগল জানিয়েছে, মাসখানেক হলো নতুন এই সার্চ অ্যালগরিদম তারা চালু করেছে। তারা জানিয়েছে, দীর্ঘ শব্দগুচ্ছের এবং জটিল ধরনের সার্চের জন্য ‘হামিংবার্ড’ অনেক বেশি কার্যকরী। বর্তমানে সকলেই প্রচলিত সার্চের পাশাপাশি মোবাইল ডিভাইসে কণ্ঠস্বর ব্যবহার করে সার্চ করতে শুরু করেছে। এসব ক্ষেত্রেও বেশি উপযোগী নতুন অ্যালগরিদম। তাছাড়া এর আগের সার্চ অ্যালগরিদম ‘ক্যাফেইন’ ওয়েবসাইটের ইনডেক্স র্যাংকিংয়ের উপর বেশি নির্ভর করলেও ‘হামিংবার্ড’ বুদ্ধিমত্তার সাথে সার্চের বিষয়কে গুরুত্ব দিয়ে ফলাফল হাজির করতে সক্ষম।
