গ্রামীণফোন গত ২৯ সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরায় ৩জি নেটওয়ার্ক চালু করেছে। এর মাধ্যমে পূর্বে ঘোষিত দেশব্যাপী ৩জি নেটওয়ার্ক বিস্তারের কাজ সূচিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, টেলিনর গ্রুপের সিইও জন ফ্রেডরিক বাকসাস এবং গ্রামীণফোনের সিইও বিবেক সুদের সাথে ৩জি নেটওয়ার্ক উদ্বোধন করেন। বর্তমানে এই নেটওয়ার্ক গ্রামীণফোনের কর্মী এবং কিছু নির্বাচিত গ্রাহক ব্যবহার করতে পারবেন, যারা বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার আগে তাদের অভিজ্ঞতার কথা জানাবেন। আর অক্টোবরের প্রথম দিকে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বাণিজ্যিকভাবে ৩জি চালু করা হবে। গ্রামীণফোন জানায়, এ বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সব বিভাগীয় শহরে এবং ২০১৪ সালের প্রথম প্রান্তিকের মধ্যে দেশের ৬৪টি জেলা শহর ৩জির আওতায় আসবে। গ্রামীণফোনের সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক, বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সামাদ, বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত রাগনে বিরটে লান্ড এবং গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে।
