লেবাননের জনাকীর্ণ উদ্বাস্তু শিবিরে সিরিযা থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের কঠিন জীবন-যাপন করতে হচ্ছে। তারা সেখানে দারুণভাবে বৈষম্যের শিকার হচ্ছে। সিরিযা থেকে আসা এসব ফিলিস্তিনি উদ্বাস্তুরা তাদের পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্টে আছে। উদ্বাস্তু শিবিরে ছোট্ট একটি কক্ষে স্বামী, স্ত্রী, ছোট ছোট সন্তানদের নিয়ে তারা বসবাস করে। অনেকক্ষেত্রে তাদের বৃদ্ধ বাবা-মাকেও নিয়ে এসব শিবিরে গাদাদাদি করে থাকতে হচ্ছে। এছাড়া এসব শিবিরে পানির কষ্ট তো রয়েছেই। দূর-দূরান্ত থেকে ছোট ছোট বাচ্চাদের পানি নিয়ে আসতে দেখা যায়। লেবাননে দক্ষিণাঞ্চলের একটি উদ্বাস্তু শিবিরে বসবাসকারী এক নারী জানান, তার স্বামী দারুণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাদের ছোট ছোট দুটি সন্তান রয়েছে। তার মনে হচ্ছে তারা ভয়ানক এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি আরো জানান, ‘আমরা গভীরভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা সিরিয়ায় ফিরে যেতে চাই।’ তবে তারা ধারণা, আসাদ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তাদের আর নিজ দেশে ফেরা হবে না।
