ইউরোপের শীর্ষ ক্লাবগুলো আজ মাঠে নামছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে। শক্তিমত্তার দিক থেকে প্রায় কাছাকাছি থাকা ইংলিশ ও ইতালিয়ান লিগের দুই শীর্ষ দল আর্সেনাল ও নাপোলি লড়বে এমিরেটস স্টেডিয়ামে। আর প্রতিশোধের লক্ষ্য নিয়ে বার্সেলোনা যাবে স্কটিশ জায়ান্ট সেল্টিকের মাঠে। এছাড়াও রাতের অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসি-স্টুয়া বুখারেস্টের এবং টুর্নামেন্টের রানার্স-আপ বরুশিয়া ডর্টমুন্ড অলিম্পিক মার্শেই’র মুখোমুখি হবে।
গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে ভিক্টর ইয়ানিয়ামা এবং টনি ওয়াটের গোলে জয় পায় সেল্টিক। শেষ বাঁশি বাজার আগে লিওনেল মেসি একটি গোল করে শুধুমাত্র ব্যবধান কমান।
তবে এই ম্যাচে নামার আগে কাতালানরা দুঃসংবাদ হয়ে এসেছে মেসির ইনজুরির খবর। উঁরুর ইনজুরির কারণে অন্তত দুই সপ্তাহের জন্য খেলতে পারবেন না মেসি। গত শনিবার লা লিগার ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে খেলতে নেমে উঁরুতে চোট পান মেসি।
চোট পাওয়ার আগে অবশ্য একটি গোল করেন এই প্লেমেকার। এর কিছুক্ষণ পরই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচে মেসির হ্যাটট্রিকে আয়াক্সকে ৪-০ তে উড়িয়ে দিয়েছিল কাতালানরা। চার হ্যাটট্রিক নিয়ে মেসি এখন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক।
মেসিকে ছাড়াও অবশ্য কোচ জেরার্ডো মার্টিনোর হাতে দলকে জেতানোর মতো পর্যাপ্ত বিকল্প খেলোয়াড় আছে। গত সপ্তাহে লা লিগায় রিও ভ্যালেকানোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন পেদ্রো। ওই ম্যাচে বার্সা ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল।
এদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে কিলমারনককে ৫-২ ব্যবধানে হারিয়ে দারুণ চাঙ্গা মনোভাবে আছে স্কটিশ প্রিমিয়ারশিপের শিরোপাধারীরা। ওই ম্যাচে তিনটি গোল করা ক্রিস কমোন্স তার দলকে হালকাভাবে নেয়ার ব্যাপারে বার্সাকে সতর্ক করে দিয়েছেন, ‘এটা আমাদের জন্য কঠিন একটি ম্যাচ। কিন্তু আমাদের হালকাভাবে নিলে তারা অপেশাদারিত্বের পরিচয় দেবে।’ গত বছরের জয়ের পুনরাবৃত্তি ঘটানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন এই স্ট্রাইকার, ‘আমাদের লক্ষ্য হবে লক্ষ্য ঠিক রেখে গত বছরের জয়ের পুনরাবৃত্তি করা।’
সেলটিকের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে খেলতে পারবেন না লেফট্ ব্যাক জোর্ডি আলবা। তবে হাঁটুর অস্ত্রোপচারের পর সেরে উঠছেন ডিফেন্ডার কার্লোস পুয়োল এবং প্লেমেকার আইজ্যাক কুয়েনকা।
আর্সেনাল ইংলিম প্রিমিয়ার লিগে এবং ন্যাপোলি সিরি-এ এর পয়েন্ট টেবিলে শীর্ষ দল। আজ রাতে মুখোমুখি হবে দল দুটি। ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্শেইকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নস লিগের সূচনাটা ভালই হয়েছে আর্সেনালের। আর আগের মৌসুমের রানারআপ বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ হারিয়ে দারুণ সূচনা হয়েছে ন্যাপোলিরও। কোচ হিসেবে আর্সেনালে ১৭ বছর পূর্ণ করা আর্সেন ওয়েঙ্গার এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমরা জানি এই ম্যাচে জয়ী হলে আমাদের শেষ ১৬ নিশ্চিত হবে। এটা আমাদের পরবর্তী রাউন্ড নির্ধারণের জন্য চূড়ান্ত ম্যাচ না হলেও এই ম্যাচে আমাদের দুই দলের মধ্যে যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে তার যথেষ্ট প্রভাব আছে। এই ম্যাচে জেতার জন্য আমরা যথেষ্ট ভাল অবস্থানে আছি।’
দারুণ ফর্মে থাকা ন্যাপোলির কোচ রাফায়েল বেনিতেজও আত্মবিশ্বাসী, ‘আমরা প্রতিদিনই দলের সাথে কথা বলি। এই ম্যাচে আমাদের জয়ের সম্ভাবনা ৭৫ ভাগ। সব প্রতিপক্ষের বিপক্ষে আমাদের এই জয়ের ধারাকে অব্যাহত রাখতে চাই।’
স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বাসেলের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছিল কোচ হোসে মরিনহোর দল চেলসি। তাই মরিনহো আজকের ম্যাচে স্টুয়া বুখারেস্টের বিপক্ষে জয়ের কোনো বিকল্প দেখছেন না। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বুখারেস্টও। আর ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আত্মবিশ্বাসী মনোভাব নিয়েই রোমানিয়ান ক্লাবটির মাঠে খেলতে নামবে হোসে মরিনহোর চেলসি। গত মৌসুমে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বুখারেস্ট চেলসিকে ১-০ গোলে পরাজিত করেছিল। ২০০৮-০৯ মৌসুমের পর এই প্রথম রোমানিয়ান ক্লাবটি গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এক নজরে
বাসেল শালকে
সু্বয়া বুখারেস্ট চেলসি
আর্সেনাল ন্যাপোলি
বরুশিয়া ডর্টমুন্ড অলিম্পিক মার্শেই
জেনিট সেইন্ট পিটার্স বার্গ অস্ট্রিয়া ওয়েইন
এফসি পোর্তো অ্যাটলেটিকো মাদ্রিদ
আয়াক্স এসি মিলান
সেলটিক বার্সেলোনা
