টেস্ট থেকে বিদায় বলছেন দিলশান?

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
আসছে বছরের শুরুতেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান। দেশটির দৈনিক পত্রিকা সানডে টাইমসকে এমনটাই জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির প্রধান সনথ জয়সুরিয়া। আগামী ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের এক সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে শ্রীলঙ্কা। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য জয়সুরিয়া আভাস দিলেন এই সিরিজেই শেষ বারের মতো দিলশানকে সাদা পোশাকে দেখা যাবে, ‘হতে পারে পাকিস্তান সিরিজের পর লংগার ভার্সন থেকে অবসর নেবে দিলশান। সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে।’ দিলশানের অবসরের পর লঙ্কান দলকে প্রস্তুত করতে নিউজিল্যান্ড ‘এ’ বিপক্ষে দলের চলমান সফরকে ব্যবহার করা ও গুরুত্ব দেয়ার প্রতি জোর দিচ্ছেন সনথ জয়সুরিয়া, ‘শীর্ষ পর্যায়ের ওপেনার হিসেবে আমাদের দিমুখ করুণারত্নে এবং উদারা জয়াসুন্দেরা রয়েছেন। চার নম্বরে দীনেশ চান্ডিমালের সঙ্গে ব্যাটিং জুটি হিসেবে তিন নম্বরে আসতে পারে কুশল সিলভা।’ নিজের টেস্ট অবসরের ঘোষণা খুব তারাতারিই দিতে যাচ্ছেন বলে আগেই বলে দিয়েছিলেন ৩৭ বছর বয়সী দিলশান। এখন পর্যন্ত ৮৭টি টেস্ট ম্যাচ খেলে ৪০.৯৮ গড়ে ৫৪৯২ রান করেছেন দিলশান। অফ ব্রেক বোলিং দিয়ে ৩৯টি উইকেটও নিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। গত বছর অস্ট্রেলিয়া সফরেই এ ঘোষণা দেয়ার পাশাপাশি ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত সীমিত ওভারের ক্রিকেট খেলতে পারেন বলেও সে সময় সাংবাদিকদের জানান তিনি। তবে তার টেস্ট ভবিষ্যত্ অনিশ্চিত বলে উল্লেখ করেছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকা-পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের একটি টেস্ট সিরিজের সূচি নির্ধারিত রয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩১ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী আট জানুয়ারি। শারজাতে শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। এরপর মে-জুন মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে লঙ্কানরা।