ম্যারাডোনার ফেভারিট ব্রাজিল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
আগামী বছর অনুষ্ঠেয় ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলকেই ফেভারিট মানছেন ডিয়েগো ম্যারাডোনা। ফিফা ডট কমকে দেয়া এক সাক্ষাত্কারে এই আর্জেন্টাইন কিংবদন্তি একথা বলেন। আর্জেন্টিনাকে ৮৬’র বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা বলেন, ‘বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে কার সম্ভাবনা বেশি, এমন প্রশ্নের উত্তরে আমার পছন্দ ব্রাজিল। কনফেডারেশন্স কাপে তাদের পারফরম্যান্স প্রমাণ করেছে, যখন ব্রাজিলিয়ানরা ছন্দে থাকে তখন তাদের হারানো অসম্ভব।’ শুধু ব্রাজিল দল নয়, ম্যারাডোনার নজর কেড়েছেন এই মুহূর্তে ব্রাজিল দলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমারও। চারবারের ফিফা বর্ষসেরা লিওনেল মেসির বার্সেলোনা সতীর্থ সম্পর্কে ম্যারাডোনার অভিমত নি:সন্দেহে অনুপ্রাণিত করবে নেইমারকেও, ‘নেইমারের পারফরম্যান্স অসাধারণ। মাঠে তার যা ইচ্ছা সে তাই করার ক্ষমতা রাখে।’ ১৯৮২ থেকে ১৯৯৪ পর্যন্ত টানা চারটি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে নামা ম্যারাডোনা গত বিশ্বকাপে মাঠে ছিলেন জাতীয় দলের কোচ হিসেবে। তবে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনালেই শেষ হয় তার বিশ্বকাপ যাত্রা। গত বছরের জুলাইয়ে আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের দায়িত্ব ছাড়ার পর এই সাবেক বোকা জুনিয়র্স এবং নাপোলি স্ট্রাইকার বর্তমানে ফুটবল থেকে প্রায় দূরেই আছেন।