গার্দিওলা পেলিগ্রেনি মুখোমুখি আজ

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:৪০
পেপ গার্দিওলা এবং ম্যানুয়েল পেলিগ্রেনির দ্বৈরথ বেশ পুরোনো। এতে বরাবরই এগিয়ে ছিলেন বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ গার্দিওলা। পেলিগ্রেনি ভিলারিয়াল, মালাগা এবং রিয়াল মাদ্রিদের হয়ে গার্দিওলার বিপক্ষে নেমেছেন অনেকবার। কিন্তু বায়ার্নের বর্তমান কোচকে এখনো হারাতে পারেননি। আজ বুধবার রাতে নিজের চতুর্থতম ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় স্প্যানিশ কোচটির মুখোমুখি হবেন এই চিলিয়ান। ম্যানচেস্টারের ইত্তেহাদ স্টেডিয়ামে হবে খেলাটি। এই রাতে চ্যাম্পিয়ন্স লিগে সব মিলিয়ে আটটি খেলা হবে ইউরোপজুড়ে। বায়ার্ন এবং সিটি উভয়েই ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ এ প্রতিযোগিতায় গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় ৩-০ ব্যবধানে জিতেছে। দুটি দল সর্বশেষ একই গ্রুপে পড়েছিল দু’বছর আগে। সেবার সিটিকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বায়ার্ন। জার্মান ক্লাবটি সর্বশেষ ইংল্যান্ডে খেলেছে গত মে মাসে। ওয়েম্বলির সেই ম্যাচে বায়ার্ন স্বদেশী ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম শিরোপা জেতে। তার আগের বছর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের মাটিতে আর্সেনালকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল বুন্দেসলিগার সবচাইতে শক্তিশালী ক্লাবটি। ম্যানচেস্টার সিটি অবশ্য গত দুই বছরে গ্রুপ পর্বের বাধা উতরাতে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমেও সিটির সূচনা খুব একটা ভাল হয়নি। প্রথম ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সিটি আছে সপ্তম অবস্থানে। অপরদিকে বুন্দেসলিগায় উড়ন্ত সূচনা করেছে বায়ার্ন। সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে গ্যালাতারাসারায়কে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে গত শনিবার লা লিগায় ‘রিয়াল ডার্বি’তে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। এই হারের কারণে লিগের পয়েন্ট টেবিলে বার্সেলোনা এবং অ্যাতলেটিকোর চাইতে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে কোচ কার্লো আনচেলত্তির দলটি। তাই আজ রাতে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডেনমার্কের এফসি কোপেনহেগেনের বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না চাপে থাকা অ্যানচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জুভেন্টাসের সাথে ড্র করেছে কোপেনহেগেন। আগের আটবারের মুখোমুখিতে রিয়ালকে কখনো হারাতে পারেনি ডেনিশ ক্লাবটি। এই ম্যাচের মধ্য দিয়ে প্রায় নয় মাস পর সান্টিয়াগো বার্নাব্যুতে নামতে পারেন রিয়াল অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। এছাড়া প্রথমবারের মত নিজেদের মাঠে মূল একাদশে সুযোগ পেতে পারেন গ্যারেথ বেল। জার্মান ক্লাব বায়ার লিভারকুসেন নিজেদের প্রথম ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এবং রিয়াল সোসিয়েদাদ ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ডোনেটাস্কের কাছে হেরেছে। আজ নিজেদের মাঠে খেলবে দলদুটি। দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য উভয় দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ। লা লিগার চলতি মৌসুমে ছয় ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি কোচ জাগাবো আরাসাটের দল সোসিয়েদাদ। অপরদিকে শনিবার হ্যানোভারের বিপক্ষে বুন্দেসলিগায় টানা তৃতীয় জয় নিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে কোচ সামি হাইপিয়া’র লিভারকুসেন। অ্যালেক্স ফার্গুসনের কাছ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব বুঝে নিয়ে বিপদেই আছেন নতুন কোচ ডেভিড ময়েস। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বায়ার লেভারকুসেনকে বড় ব্যবধানে হারালেও ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ বছরের ইতিহাসের সব থেকে বাজে সূচনা করেছে ময়েসের দলটি। চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে তাই এ রাতে ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে শাখতার ডোনেটস্ককে আতিথ্য দেবে ইউনাইটেড। এছাড়াও আজ মুখোমুখি হচ্ছে ফরাসী ক্লাব প্যারি সেন্ট জার্মেই ও পর্তুগালের ক্লাব বেনফিকা, বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেখট ও গ্রীসের অলিম্পিয়াকোস, ইতালির জুভেন্টাস ও তুরস্কের গালাতাসারায় এবং রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কো ও চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লাজেন। এক নজরে বায়ার লিভারকুসেন রিয়াল সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেড শাখতার ডোনেটাস্ক রিয়াল মাদ্রিদ এফসি কোপেনহেগেন জুভেন্টাস গালাতাসারায় অ্যান্ডারলেখট অলিম্পিয়াকোস প্যারি সেন্ট-জার্মেই বেনফিকা সিএসকেএ মস্কো ভিক্টোরিয়া প্লাজেন ম্যানচেস্টার সিটি বায়ার্ন মিউনিখ