বেসিস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)-এর মধ্যে গতকাল মোবাইল অ্যাপস বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর অফিসে স্বাক্ষরিত হওয়া এই চুক্তির অধীনে দেশব্যাপী মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নের মাধ্যমে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ট্রাফিক সমস্যা নিরসণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সর্বোপরি রাষ্ট্রীয় সেবা বিস্তারের লক্ষ্যে বেসিস ও এটুআই একসাথে কাজ করবে। এ চুক্তির আওতায় বেসিস নাগরিক সেবাসংশ্লিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশন আইডিয়া ও ডিজাইন উদ্ভাবনের জন্য বিভিন্ন উদ্ভাবনী ক্যাম্প আয়োজন করবে এবং মোবাইল অ্যাপস তৈরি করার জন্য বিভিন্ন কোম্পানিকে মনোনীত করবে। বেসিস সভাপতি শামীম আহসান ও এটুআই-২ প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর অফিসের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, এটুআই-এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, প্রযুক্তি বিশেষজ্ঞ সামি আহমেদ প্রমুখ।
