দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিতে মিসর সেনাপ্রধানের তাগিদ

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২০:২৪
দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিতে তাগিদ দিয়েছেন মিসরের সেনাপ্রধান আব্দেল ফাত্তা আল সিসি। অপরদিকে সামরিক সরকার এর পদত্যাগের দাবিতে দুঃসাহসী মিছিল করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা। মঙ্গলবার একটি সম্মেলনে সেনা ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে দেয়া ভাষণে সিসি এ তাগিদ দেন। মিসর সেনাবাহিনীর মুখপাত্রের ফেসবুক পেজে দেয়া ভাষণের উদ্ধৃতিতে সিসি বলেন, সমাজ যে সমস্যার মোকাবিলা করছে সে বিষয়ে সত্যিকারভাবে সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাই, রূপান্তরের এই সময়টি তাড়াতাড়ি শেষ করতে এই বিষয়টি করা খুব জরুরি। তিনি মুরসির এক বছরের শাসনের নিন্দা জানিয়ে সেটিকে ধর্মীয় লড়াই ও ইসলাম নিয়ে যুদ্ধ পর্ব বলে আখ্যায়িত করেন। মুরসির শাসন মিসরের জনগণের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। কয়েকদিনের টানা সরকারবিরোধী বিক্ষোভের পর ৩ জুলাই মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। তারপর থেকে মিসরজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এরই মধ্যে ইসলামি জঙ্গিরা হামলা শুরু করলে রাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করে। এতে দেশটির পর্যটন শিল্প ও বিনিয়োগ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। মুরসিকে ক্ষমতাচ্যুত করে অন্তর্বর্তী একটি সরকারকে ক্ষমতায় বসায় সেনাবাহিনী এবং নতুন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে। আগামী বসন্তে অন্তর্বর্তী সরকারের রূপান্তরকালীন পর্ব শেষ হবে বলে গত সপ্তাহে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি। ক্ষমতাচ্যুতির পর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংসতায় মুরসির কয়েকশ’ বিক্ষুব্ধ সমর্থক নিহত হয়। মুরসির দল মুসলিম ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতাদের গ্রেফতার করা হয়। নিরাপত্তা বাহিনীর এসব পদক্ষেপে মুরসি সমর্থকদের প্রতিবাদের আকার লক্ষণীয়ভাবে ছোট হয়ে গেছে। তবে মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এই প্রথম কায়রোর তাহরির স্কয়ারে প্রতিবাদ মিছিল করেছে মুরসির সমর্থকরা। মুরসি সমর্থকদের এই প্রতিবাদ মিছিলের সময় নিরাপত্তা বাহিনী তাদের কড়া নজরদারীর মধ্যে রেখেছিল। একশ’র মতো প্রতিবাদকারী তাহরির স্কয়ারে জমায়েত হয়ে শ্লোগান তোলে, সামরিক সরকারের পতন হোক! আমরা একটি দেশ, সামরিক ছাউনি না, আমরা স্বাধীনতা চাই! বলেও শ্লোগান দেয় তারা। এ সময় তাহরির স্কয়ারের পাশ দিয়ে যাওয়া পথচারীরা তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি বিবেচনায় দাঙ্গা পুলিশ হস্তক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।