আগেও দুইবার প্রাথমিক দলে ছিলেন, কিন্তু কখনও মূল স্কোয়াডে ডাক পাওয়া হয়নি। কিন্তু এবার আর তেমনটা ঘটলো না। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পারফরম্যান্স দিয়ে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টের মূল দলে ডাক পেয়ে গেলেন পেসার আল আমিন। গতকাল বুধবার প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে এই একটাই নতুন মুখ। আর প্রাথমিক দলে থাকলেও অনুমিতভাবেই মূল স্কোয়াডে ডাক পাননি দীর্ঘদিন দলের বাইরে থাকা মাশরাফি বিন মুর্তজা।
সর্বশেষ টেস্টেও ভালো খেলে কন্ডিশনের বিবেচনায় দলে জায়গা পাননি অলরাউন্ডার জিয়াউর রহমান। দারুণ পারফরম্যান্স করে অভিজ্ঞ স্পিনার রাজ্জাকের ফেরায় বাদ পড়েছেন এনামুল হক জুনিয়র। আর নাঈম ইসলাম ও মার্শাল আইয়ুব পেলেন ধারাবাহিকতার পুরস্কার।
এবারের প্রিমিয়ার লিগে শীর্ষ উইকেটধারীদের সিংহভাগই হলেন পেসার। পাঁচ ম্যাচে ১৯ উইকেট পাওয়া রুবেল হোসেনের পরের নামটিই হল আল-আমিনের। ছয় ম্যাচে আবাহনীর এই পেসার পেয়েছেন ১৯ উইকেট।
অন্যদিকে, প্রিমিয়ার লিগের শুরুর দিকে তিনটি ম্যাচ খেললেও পায়ের চোট নিয়ে এবারও দলে অর্ন্তভুক্ত হওয়া হল না মাশরাফির। মাশরাফি নিজেও জানতেন যে, এই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তার খেলা সম্ভব হবে না।
জিম্বাবুয়ে সফরে টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন জিয়াউর রহমান, জহুরুল ইসলাম অমি, এনামুল হক জুনিয়র ও সাজিদুল ইসলাম। অল রাউন্ডার জিয়াউর রহমানের বাদ পড়া নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। হারারে টেস্টে ব্যাটিংয়ে বলার মতো কোন পারফরম্যান্স না থাকলেও বল হাতে নিয়েছিলেন চার উইকেট। প্রশ্ন উঠতে পারে এনামের বাদ পড়া নিয়েও।
দুই প্রশ্নেরই জবাব দিলেন দেশে থাকা নির্বাচন ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ‘জিয়ার দুর্ভাগ্য বলতে পারেন। কারণ জিম্বাবুয়েতে সে ভালো করেছিল। হয়তো ওয়ানডেতে তার জন্য সুযোগ থাকবে। কিন্তু টেস্টে দেশের কন্ডিশনে ও খুব কার্যকর হতো বলে মনে হয়নি। আর রাজ্জাকের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান স্পিনার এতো ভালো ফর্মে থাকায় জায়গা হয়নি এনামের।’
জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট খেলার সুযোগ পেয়ে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নাঈম ইসলাম ও রুবেল হোসেন। শ্রীলঙ্কা সফরে স্কোয়াডে থাকলেও কোন ম্যাচ খেলার সুযোগ না পাওয়া মার্শাল আইয়ুবকেও স্কোয়াডে রাখা হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল থেকে এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া তিনদিনের প্রস্তুতি ম্যাচের জন্য দলটিও যথেষ্ট শক্তিশালী। মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বে দলে থাকবেন সাকিব, এনামুল, নাঈম, শুভ’র মতো খেলোয়াড়রা।
প্রথম টেস্টের স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ অধিনায়ক), এনামুল হক বিজয়, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম, আল-আমিন হোসেন।
তিন দিনের ম্যাচের স্কোয়াড: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, সাজিদুল ইসলাম, সৌম্য সরকার, মুক্তার আলী, নূর হোসেন, ফরহাদ রেজা।
