জয়রথ থামলো দোলেশ্বরের

হেরেই চলেছে আবাহনী-মোহামেডান

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৫২
টানা তিন ম্যাচে দৈত্য বধের পর অবশেষে জয়রথ থামলো প্রাইম দোলেশ্বরের। আবাহনী, শেখ জামাল ও প্রাইম ব্যাংকের বিপক্ষে জয়ের পর অবশেষে থামলো দোলেশ্বরের স্বপ্নযাত্রা। এবার মৌসুমের ‘চমক’ দলটিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বিকেএসপিতে অনুষ্ঠিত একপেশে ম্যাচে ভিক্টোরিয়া পেল নয় উইকেটের বিশাল এক জয়। দিনের অপর দুটি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১২০ রানে হারিয়েছে আবাহনীকে। আর মোহামেডানের বিপক্ষে গাজী ট্যাংক ক্রিকেটার্স জয় পেয়েছে ১০৩ রানে। চমকের শিকার চমক দেখানো দোলেশ্বর মোটামুটি বিস্ময়করভাবেই চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এগিয়ে যাচ্ছিল প্রাইম দোলেশ্বর। মোহামেডানের বিপক্ষে লড়াই করা ম্যাচে পরাজয় বাদ দিলে বাকি প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েই জিতেছে দোলেশ্বর। তবে এবার বিপরীত অভিজ্ঞতার মুখোমুখি হতে হল তাদের। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব তাদের নিয়ে ছেলেখেলা করে জিতলো নয় উইকেটে। প্রথমে ব্যাট করতে নেমে ধারাবাহিক উইকেট পতনে ২৬ ওভারে অল আউট হবার আগে মাত্র ৮৫ রান করে দোলেশ্বর। দুই অংকের ইনিংসে পৌঁছাতে পেরেছেন মাত্র তিনজন ব্যাটসম্যান। এর মধ্যে সর্বোচ্চ ২৬ রানে অপরাজিত ছিলেন সোহাগ গাজী। তিনটি করে উইকেট নেন সৌম্য সরকার ও শালিকা করুনানায়েকে। জবাবে বড় কোন বাধা ছাড়াই মাত্র ১৪ ওভার তিন বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এনামুল হক বিজয় ৪৫ ও শালিকা করুনানায়েকে ৩৩ রানে অপরাজিত ছিলেন। এই জয়ে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল ভিক্টোরিয়া। আর আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্রাইম দোলেশ্বর। আবাহনীর পঞ্চম হার কোনভাবেই জয়ের দেখা পাচ্ছে না আবাহনী লিমিটেড। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল বুধবারও তারা বড় ব্যবধানে হেরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৭২ রান করে প্রাইম ব্যাংক। লঙ্কান ব্যাটসম্যান বেনুকা রাজাপাকশে সর্বোচ্চ ৬৯ রান করেন। ওপেনার সৈকত আলী ৫৯ ও আরেক লঙ্কান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ৫২ রান করেন। আবাহনীর বোলারদের মধ্যে থারাঙ্গা পারানাভিতানা তিনটি উইকেট পান। প্রথম পাঁচ ম্যাচে ২৪ উইকেট পাওয়া পেসার আল-আমিন ছিলেন নিষপ্রভ। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ডাক পাওয়া এই বোলার নয় ওভার বল করে ৬২ রান দিয়ে কোন উইকেট পাননি। জবাবে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ৩৫ ওভার পাঁচ বলে মাত্র ১৫২ রানে অল আউট হয়ে যায় আবাহনী। প্রাইম ব্যাংকের স্পিনার এনামুল হক জুনিয়র পেয়েছেন চারটি উইকেট। এই হারে মাত্র দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় নিচের দিকে অবস্থান করছে আবাহনী। আর প্রাইম ব্যাংকের পয়েন্ট আট। মোহামেডানের আরেকটি ব্যর্থতা ঠিক আবাহনীর মতোই একটি ম্যাচ হারলো মোহামেডান। বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে গাজী ট্যাংক ক্রিকেটার্সের দেয়া ২৪৯ রানের লক্ষ্যের সামনে মাত্র ১৪৫ রানেই গুটিয়ে যায় মোহামেডানের ব্যাটসম্যানরা। ফলে ১০৩ রানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদুল্লাহ রিয়াদের দল। গাজী ট্যাংকের হয়ে রিয়াদ ৬৮ ও রকিবুল হাসান ৭৫ রান করেন। মোহামেডানের অজন্থা মেন্ডিস চারটি উইকেট পান। অন্যদিকে মোহামেডানের ব্যাটসম্যানদের মধ্যে উপুল থারাঙ্গা ও এজাজ আহমেদ ছাড়া বলার মতো রান করতে পারেননি কোন ব্যাটসম্যান। থারাঙ্গা ৫৬ ও এজাজ ৪২ রান করেন। গাজী ট্যাংকের আসহার জায়দি তিনটি ও মাহমুদুল্লাহ রিয়াদ দুটি করে উইকেট পান। ছয় ম্যাচে তিন হার নিয়ে মোহামেডানর পয়েন্ট এখন ছয়। অন্যদিকে গাজী ট্যাংকের পয়েন্ট আট।