বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ইউসিবি পেলো টিকিট বিক্রির দায়িত্ব

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৫২
আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বিভিন্ন শাখায় পাওয়া যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের টিকিট। এ বিষয়ে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বিসিবির টিকিট স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান এক্সিওম টেকনোলজিস লিমিটেড ও ইউসিবির মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। গতকাল এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবি সভাপতি এবং এক্সিওম ও ইউসিবির কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। একই অনুষ্ঠানের ভেতর দিয়ে নিশ্চিত হয় সিলিটে প্রস্তাবিত টি-টোয়েন্টি ম্যাচটি কার্যত মিরপুরেই অনুষ্ঠিত হচ্ছে। সেই ম্যাচসহ ২টি টেস্ট ও ৩টি ওয়ানডের জন্য বিক্রি হবে টিকিট। মিরপুর টেস্টে সর্বোচ্চ দামে হসপিটালিটি বক্সের আসন বিক্রি হবে ৩ হাজার টাকায় এবং সর্বনিম্ন ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০ টাকায় বিক্রি হবে। ঢাকায় ২টি ওয়ানডে ও টি-টোয়েন্টির ক্ষেত্রে হসপিটালিটি বক্স আসন সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ইস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকায় বিক্রি হবে। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টে সর্বোচ্চ টিকিটের দাম ৩ হাজার টাকা—হসপিটালিটি বা করপোরেট বক্স এবং সর্বনিম্ন ইস্টার গ্যালারি টিকিট পাওয়া যাবে ২০ টাকায়। ফতুল্লায় অনুষ্ঠিতব্য তৃতীয় ওয়ানডেতে সর্বোচ্চ ৫ হাজার টাকার হসপিটালিটি বক্স এবং সর্বনিম্ন ৫০ টাকায় ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে। ঢাকায় টিকিট পাওয়া যাবে ইউসিবির মতিঝিল, গুলশান, নয়াবাজার, সোনারগাঁও, মিরপুর ধানমন্ডি শাখায়। নারায়গঞ্জে চাষাড়া, চট্টগ্রামে আগ্রাবাদ ও নিজাম রোড এবং সিলেটে শাহজালাল উপশহর ও প্রধান শাখায় টিকিট পাওয়া যাবে।