টেস্ট ও প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

আপডেট : ০২ অক্টোবর ২০১৩, ২১:৫২
সফররত নিউজিল্যান্ড ক্রিকেট দল ও বাংলাদেশ জাতীয় দল আজ বৃহস্পতিবার একইদিনে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছবে। গতকাল বুধবার দল দু’টির আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। বিমান যোগে বিকালে সফরকারী দল এবং সন্ধ্যায় জাতীয় দল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। নিউজিল্যান্ড দল বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আগামীকাল শুক্রবার বিসিবি একাদশের বিরুদ্ধে শুরু হতে যাওয়া তিনদিনের ম্যাচে অংশগ্রহণের পর বাংলাদেশ দলের সাথে একটি টেস্ট ম্যাচ খেলবে। সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টটি শুরু হবে ৯ অক্টোবর। অন্যদিকে অনুশীলন ম্যাচ হবে এমএ আজিজ স্টেডিয়ামে। অনুশীলন ম্যাচের কোন দলেরই সুযোগ থাকছে না নেটে প্র্যাকটিস করার। টেস্ট ও অনুশীলন ম্যাচ আয়োজনের ব্যাপারে চট্টগ্রামের দুই ভেন্যু প্রস্তুত থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে শংকিত হয়ে পড়েছেন আয়োজকরা। কারণ গত কয়েকদিন যাবত শেষ বিকালে বৃষ্টি হচ্ছে। সকালে উইকেট ও আউট ফিল্ডকে মাঠকর্মীরা পরিশ্রম করে প্রস্তুত করে রাখলেও বিকালে অনাহূত বৃষ্টি সবকিছু আবার লণ্ডভণ্ড করে যাচ্ছে। তারপরও প্রস্তুতিতে কোন ত্রুটি যেন না থাকে সেজন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে তিনদিনের ম্যাচের টিকেটের দাম ঘোষণা করা হয়েছে। প্রত্যেকদিন গ্যালারির টিকেটের মূল্য ৩০ টাকা এবং প্যাভেলিয়ন ৫০০ টাকা করা হয়েছে। ম্যাচ শুরুর আগে স্টেডিয়াম কাউন্টারে টিকেট পাওয়া যাবে। বিসিবি একাদশ ও সফরকারী নিউজিল্যান্ড দলের তিনদিনের ম্যাচের মধ্যদিয়ে এমএ আজিজ স্টেডিয়ামে আবার ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। গত আট বছর যাবত কোন আন্তর্জাতিক ক্রিকেটের আসর রাখা হয়নি এই ভেন্যুতে। কারণ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে গড়ে তোলার পর এমএ আজিজ স্টেডিয়ামে আর প্রয়োজন পড়েনি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের।