শিরোপা প্রত্যাশী বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও প্যারি সেন্ট-জার্মেই চ্যাম্পিয়নস লিগে গত বুধবার রাতে দাপুটে নৈপুণ্য দেখালেও ইউক্রেনে স্বাগতিক শাখতার ডোনেটস্কের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ রাতে গোলের দেখা পান তারকা খেলোয়াড় আর্জেন রোবেন ও ক্রিস্টিয়ানো রোনালদো।
বায়ার্ন যে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারায় তাতে ছিল রোবেনের অবদান। এ জয়ে ‘ডি’ গ্রুপে শতভাগ জয় নিয়ে শীর্ষে আছে গার্দিওলার দল। বিরতির আগে ফ্রাংক রিবেরির গোলে এগিয়ে যায় জার্মানরা। সিটি গোলরক্ষক জো হার্টের হাত ফস্কে বলটি যায় জালে। এরপর খেলাটির ঘন্টা পূরণের আগেই থমাস মুলার ও রোবেন চার মিনিটের ব্যবধানে গোল করে সিটির দুর্দশা বাড়ায়। তাদের হয়ে ৭৯ মিনিটে সান্ব্তনার গোলটি করেন আলভারো নেগরেডো।
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের এটি হলো দুই খেলায় সমানসংখ্যক জয়। বায়ার্ন কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমরা খেলাটি নিয়ন্ত্রণ করেছি এবং চ্যাম্পিয়ন্স লিগে সেটাই গুরুত্বপূর্ণ।’ শুধু তাই নয় গার্দিওলা বিপক্ষ কোচ ম্যানুয়েল পেলিগ্রেনির সাথে তার পুরনো দ্বৈরথেও জয়ী হলেন। পেলিগ্রেনি ভিলারিয়াল, মালাগা এবং রিয়াল মাদ্রিদের হয়ে গার্দিওলার বিপক্ষে নেমেছেন অনেকবার। কিন্তু বায়ার্নের বর্তমান কোচকে সর্বশেষ খেলাটিতেও হারাতে পারেননি।
গত ২৪ বছরে প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে মৌসুম শুরু করা কোচ ডেভিড ময়েসের ইউনাইটেড ইনজুরিতে থাকা ওয়েইন রুনিকে ছাড়া খেলতে নেমে শাখতারের সাথে পেরে উঠেনি। ড্যানি ওয়েলবেক ১৮ মিনিটে সফরকারীদের এগিয়ে দিলেও টাইসন খেলা শেষ হওয়ার ১৪ মিনিট আগে সমতা ফেরালে ইউনাইটেড জয়বঞ্চিত হয়। অতিথি দলটির হয়ে এ খেলায় অংশ নিয়ে রায়ান গিগস ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ এ প্রতিযোগিতায় ১৪৫ ম্যাচ খেলে নতুন রেকর্ড গড়লেন। তার আগে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় রাউল ছিলেন সবচাইতে বেশি ম্যাচে অংশ নেয়া খেলোয়াড়।
ময়েস বলেছেন, আজকের ম্যাচে দারুণ একটি পয়েন্ট অর্জিত হয়েছে। এখানে খেলাটা খুব একটা সহজ ছিল না। ঘরের মাঠে শাখতারের দারুণ রেকর্ড রয়েছে। আর তাই অন্তত একটি পয়েন্ট অর্জিত হওয়ায় আমি সন্তুষ্ট।’ এই ড্রয়ের ফলে দুটি করে খেলা শেষ হওয়ার পর ইংলিশ চ্যাম্পিয়নরা এখন শাখতারের সাথে সমান ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। গ্রুপের অপর খেলায় রিয়াল সোসিয়েদাদ ২-১ গোলে বায়ার লেভারকুসেনের কাছে হেরেছে। স্প্যানিশ দলটি দুই খেলা শেষেও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
রোনালদো ও অ্যাঞ্জেল ডি মারিয়া দুটি করে গোল দিলে রিয়াল মাদ্রিদ কোপেনহেগেনে ৪-০ গোলের জয় পায়। পর্তুগিজ স্ট্রাইকার রোনালদো এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি অভিযানে দুই খেলায় পাঁচ গোল করলেন। এর আগে গালাতাসারায়ের বিরুদ্ধে দলের ৬-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি। কোপেনহেগেন কোচও রোনালদোর প্রশংসা করেন। দুই খেলায় ১০ গোল করে এবং ছয় পয়েন্ট পেয়ে স্প্যানিশ জায়ান্টরা এখন জুভেন্তাসের চাইতে দুই পয়েন্টে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপের নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় রেখেছে।
রবার্তো মানচিনি গালাতাসারায়ের দায়িত্ব নেয়ার দুই দিনের মধ্যেই জুভেন্তাসের বিরুদ্ধে ২-২ গোলের ড্র পায় তুরস্কের ক্লাবটি। দিদিয়ের দ্রগবা বিপক্ষের মাঠে তুর্কি ক্লাবটিকে এগিয়ে দিলেও তা ধরে রাখা যায়নি। কেননা বিরতির পর নয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইতালির চ্যাম্পিয়ন ক্লাবটি ২-১ গোলে এগিয়ে থেকে পুরো তিন পয়েন্ট পানেই ছিল। কিন্তু শেষ বাশির দুই মিনিট আগে সমতা ফেরায় মানচিনির নতুন দলটি।
তবে এ রাতে স্ট্রাইকারদের মধ্যে প্যারি সেন জার্মেইর জ্লাটান ইব্রাহিমোভিচও জোড়া গোল করে বেনফিকার বিরুদ্ধে দলের ৩-০ গোলের জয়ে। প্যারিসের দলটি দুই জয়ে ছয় পয়েন্ট পেয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকলো। তবে গোল দক্ষতায় এ রাতে অন্যদের ছাড়িয়ে যান কোস্টাস মিতরোগলু। তিনি অ্যান্ডারলেখটের বিরুদ্ধে অলিম্পিয়াকোসের ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন।
এক নজরে
বায়ার লিভারকুসেন ২ ১ রিয়াল সোসিয়েদাদ
শাখতার ডোনেটস্ক ১ ১ ম্যানচেস্টার ইউনাইটেড
রিয়াল মাদ্রিদ ৪ ০ এফসি কোপেনহেগেন
জুভেন্টাস ২ ২ গালাতাসারায়
অ্যান্ডারলেখট ০ ৩ অলিম্পিয়াকোস
প্যারি সেন্ট জার্মেই ৩ ০ বেনফিকা
সিএসকেএ মস্কো ৩ ২ ভিক্টোরিয়া প্লাজেন
ম্যানচেস্টার সিটি ১ ৩ বায়ার্ন মিউনিখ
